ফোরলানের ঘরে গোল্ডেন বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওলো রসি, ডিয়েগো ম্যারাডোনা, সালভাতোর শিলাচি, রোমারিও, রোনালদো, অলিভার কান ও জিনেদিন জিদানের পর ডিয়োগো ফোরলান! এতগুলো নাম দেখে বুঝতে কষ্ট হচ্ছে? আনুষ্ঠানিকভাবে গোল্ডেন বল বা টুর্নামেন্ট-সেরার পুরস্কার চালুর পর থেকে এই পুরস্কার পেয়েছেন ওপরের ব্যক্তিরা। প্রথমে পাওলো রসি, আর গতকাল সর্বশেষ গোল্ডেন বল জিতলেন উরুগুয়ের ডিয়েগো ফোরলান।সেরা খেলোয়াড়ের লড়াইয়ের জন্য ১০ জনকে বাছাই করেছিল ফিফার ‘টেকনিক্যাল স্ট্যাডি গ্রুপ’। বাকি সিদ্ধান্তটা ছিল সাংবাদিকদের হাতে। বিশ্বকাপে কাভার করতে যাওয়া প্রত্যেক সাংবাদিকের ভোটে শেষ পর্যন্ত টুর্নামেন্ট-সেরার মর্যাদা পেয়েছেন ডিয়েগো ফোরলান। গোল্ডেন বলের লড়াইয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন যথাক্রমে ডাচ প্লেমেকার ওয়েসলি স্নাইডার ও স্পেনের ডেভিড ভিয়া। পাঁচটি গোল করে গোল্ডের বুটের লড়াইয়েও ছিলেন ফোরলান, কিন্তু পাননি। গোল্ডেন বুট গেছে সমানসংখ্যক গোল করা জার্মানির টমাস মুলারের ঘরে।দক্ষিণ আমেরিকার ছোট্ট একটি দেশ উরুগুয়ে, জনসংখ্যা মাত্র ৩৪ লাখের মতো। ছোট দলের বড় তারকার তকমা নিয়ে এসেছিলেন বিশ্বকাপে। কিন্তু বেরিয়ে গেলেন সত্যিকার বড় তারকার ঔজ্জ্বল্য নিয়ে। ব্রাজিল-আর্জেন্টিনা পারেনি, ফোরলানের নৈপুণ্যে লাতিন আমেরিকার একমাত্র দেশ হিসেবে সেমিফাইনালে খেলার কৃতিত্ব দেখিয়েছে উরুগুয়ে। ফাইনালে ওঠা হয়নি। বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া কোনো খেলোয়াড়কে শ্রেষ্ঠত্বের পুরস্কার দিতে বরাবরই কুণ্ঠিত। তবে সব বাধা পেরিয়ে ব্যক্তিগত নৈপুণ্যের পুরস্কারটা ঠিকই পেয়ে গেছেন ফোরলান। ছোট দলের হয়েও টুর্নামেন্ট-সেরার পুরস্কার চমকই বটে!