ফোরলানের দুই লক্ষ্য
শেষ আটে উরুগুয়ে! বিশ্বকাপের আগে কজনই বা ভেবেছিল? গত বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি তারা, ২০০২ বিশ্বকাপে বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকেই। এবারও বাছাইপর্ব উতরেছে প্লে-অফ খেলে। সেই দলই কিনা এবার কোয়ার্টার ফাইনালে উঠল সবার আগে!লোকের কথা বাদ দিন, খোদ উরুগুয়ের সবচেয়ে বড় তারকা ডিয়েগো ফোরলানই ভাবেননি এত দূর আসতে পারবেন তাঁরা, ‘সত্যি বলতে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, আমরা বিশ্বকাপের শেষ আটে খেলছি। তবে এখন আমাদের মাথাটা ঠিক রাখতে হবে, একেকটা ম্যাচ ধরে সময়টা উপভোগ করতে হবে সতীর্থদের সঙ্গে, পরিবারের সঙ্গে।’ উরুগুয়ের স্কিল ও গতিময় খেলা এবার মুগ্ধ করেছে অনেককেই। ফোরলানের সঙ্গে দারুণ ফর্মে আছেন তাঁর স্ট্রাইকিং জুটি লুইস সুয়ারেজও। ‘লা সেলেস্তে’দের ডিফেন্সও নজর কেড়েছে, চার ম্যাচে গোল হজম করেছে তারা মাত্র একটি।এসব কারণেই আবার ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অনেকেই এগিয়ে রাখছেন উরুগুয়েকে। কিন্তু এই ফেবারিট তকমাটা ঠিক পছন্দ হচ্ছে না ফোরলানের, ‘ঘানার বিপক্ষে আমরা ফেবারিট? মোটেই নয়। এই পর্যায়ে ফেবারিট বলে কিছু নেই। দক্ষিণ কোরিয়াকেও অনেকে সহজ প্রতিপক্ষ (দ্বিতীয় রাউন্ডে) বলেছিল, কিন্তু আদতে ওরা আমাদের যথেষ্ট বেগ দিয়েছে।’ ঘানাকে যথেষ্ট সমীহ করলেও অবশ্য সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী এই স্ট্রাইকার, ‘আমরা তাবারেজের (কোচ অস্কার তাবারেজ) নির্দেশনা মেনে কাজ করছি এবং আত্মবিশ্বাসী যে শেষ চারে পৌঁছে দেশের মানুষকে আনন্দের উপলক্ষ এনে দিতে পারব।’বিশ্বকাপের আগে উরুগুয়ের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ফোরলানই। তবে সর্বশেষ দুই ম্যাচে তিন গোল করে ফোরলানকে ছাড়িয়ে গেছেন সুয়ারেজ। গুজব রটেছে, দুজনের সম্পর্ক নাকি শীতল। ফোরলানের কানে যেতেই অবশ্য উড়িয়ে দিলেন এই রটনা, ‘আমাদের দলের সবাই এক, সবাই একত্রে সবকিছু করি। সত্যিটা হলো, লুইসের সঙ্গে আমার সম্পর্ক দারুণ।’ঘানাকে হারাতে পারলে ৪০ বছর পর আবার সেমিফাইনালে উঠবে ১৯৩০ ও ১৯৫০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। তবে ফোরলান জয়টা আরও বেশি করে চাইছেন আরেকটা বৃহত্তর কারণে, ‘আমাদের দেখাতে হবে লাতিন আমেরিকার ফুটবল কতটা শক্তিশালী, প্রমাণ করতে হবে আমাদের বাছাইপর্ব কতটা কঠিন। আশা করি, আমরা এটা দেখাতে পারলে বিশ্বকাপে লাতিন আমেরিকার জন্য পাঁচটি জায়গা থাকবে, সাড়ে চারটি নয়।’ লাতিন আমেরিকা থেকে এখন সরাসরি বিশ্বকাপে খেলে চারটি দেশ। পঞ্চম দেশকে প্লে-অফ খেলতে হয় কনক্যাকাফ অঞ্চলের চতুর্থ হওয়া দেশের সঙ্গে। উরুগুয়ে এবার এসেছে প্লে-অফে কোস্টারিকাকে হারিয়ে। ওয়েবসাইট।