ফোরলানের হলোটা কী!
যা জাদু ছিল, সবই কি সত্যি সত্যিই বিশ্বকাপে খরচ করে ফেলেছেন? না হলে ডিয়েগো ফোরলানের এই দৈন্য দশা এত দিন ধরে চলবে কেন!বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় এক বছর হলো। কিন্তু বিশ্বকাপে গোল্ডেন বল জেতা সেরা খেলোয়াড়টির ফর্মের নাজুক দশা কাটছেই না। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে পুরো মৌসুমে ৪২ ম্যাচে মাত্র ১০ গোল করেছেন। অথচ আগের মৌসুমে করেছিলেন ২৮ গোল, তারও আগে ৩৫ গোল করে জিতেছিলেন ইউরোপিয়ান গোল্ডেন বুট।বিশ্বকাপের পর জাতীয় দলেরও হয়ে ছয় ম্যাচে একটিও গোল নেই। ফোরলানের হলোটা কী!পরশু প্রীতি ম্যাচেও গোল-খরা গেল না ৩২ বছর বয়সী ফোরলানের। ১ জুলাই শুরু হচ্ছে কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার এই টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ ১৪ বার শিরোপা জিতেছে ফোরলানের উরুগুয়ে। কিন্তু সর্বশেষ শিরোপা এসেছে সেই ১৯৯৫ সালে। এবার কোপার জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছে তারা। পরশু প্রীতি ম্যাচের খোলসে প্রতিশোধও নেওয়া হয়ে গেল। ১৯৭০ বিশ্বকাপের পর প্রথমবার সেমিফাইনালে উঠলেও ফাইনালে যেতে পারেনি। কারণ শেষ চারের লড়াইয়ে তাদের হারিয়ে দিয়েছিল হল্যান্ড। পরশু মন্টেভিডিওতে টাইব্রেকারে গড়ানো ম্যাচে হল্যান্ডকে ৪-৩ ব্যবধানে হারাল স্বাগতিকেরা। নির্ধারিত সময়ে ১-১ ড্র ছিল। গোল করেছেন দুই লিভারপুল তারকা। উরুগুয়ের হয়ে লুইস সুয়ারেজ (৮২ মিনিট), হল্যান্ডের হয়ে ডির্ক কিউট (৯০+১)। সাধারণত প্রীতি ম্যাচে টাইব্রেকার হয় না। পরশু ম্যাচটায় কেন হলো কে জানে। এই পরাজয়ের কারণে বিশ্বকাপের পর টানা ১০ ম্যাচে অপরাজিত যাত্রাও শেষ হয়ে গেল ডাচদের। কোপার আগে হল্যান্ডের বিপক্ষে পাওয়া এই জয় নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়াবে উরুগুয়ের। কিন্তু ফোরলানের আত্মবিশ্বাস কি দিনকে দিন তলানিতেই ঠেকছে? এএফপি।