ব্যঙ্গাত্মক হাসিতে কথাটি বলছিলেন আশিকুর রহমান। মহাসচিবের সঙ্গে কণ্ঠ মিলিয়ে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের নেতারা সমস্বরেই বলে উঠলেন, ‘নির্বাচনের আগে এমন অনেক কিছু হতে পারে বলে ধারণা ছিল। কিন্তু এতটা ন্যক্কারজনক পর্যায়ে যাবে ভাবতেও পারিনি।’
বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগীয় পর্যায়ের কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় নানা অনিয়মের খবর গত কিছুদিন ধরেই আসছে সংবাদমাধ্যমে। কাল সংবাদ সম্মেলন করে অনিয়মের ১৩টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাদের পরিচিতি মূলত ‘ফোরাম’ নামে। নির্বাচন প্রক্রিয়ার এত তাড়াহুড়া করা নিয়েও আপত্তি আছে ফোরাম নেতাদের, আছে অনেক প্রশ্ন ও শঙ্কা। এই সংবাদ সম্মেলনটা হলো এমন এক দিনে, যেদিন সকালেই দেওয়া হয়েছে বিসিবি নির্বাচনের জন্য ১৭২ জনের প্রাথমিক ভোটার তালিকা।
আদালতের রায়, কাউন্সিলর মনোনয়ন, তফসিল ঘোষণা—গত কিছুদিন ধরেই ঢাক গুড়গুড় বাজছিল বিসিবি নির্বাচনের। কাল ভোটার তালিকা প্রকাশের দিনে ফোরামের এই সংবাদ সম্মেলনে যেন আনুষ্ঠানিকভাবেই বেজে গেল ভোটযুদ্ধের দামামা। যদিও ফোরামের নেতাদের অভিযোগ, সরকারি প্রশাসন আর বিসিবির বর্তমান অস্থায়ী কমিটির হস্তক্ষেপ ও প্রভাবে যুদ্ধটা ঠিক যুদ্ধ হয়ে উঠছে না, আয়োজন চলছে অনেকটা একতরফা লড়াইয়ের। প্রশাসনের প্রভাব নিয়ে সরকারকে একটা সতর্কবার্তাও শোনালেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোর্ত্তজা রশিদী, ‘বিসিবি নির্বাচনেই যদি প্রশাসনকে দিয়ে এভাবে প্রভাব খাটানো হয়, তাহলে আসছে জাতীয় নির্বাচন নিয়ে ওঠা প্রশ্নগুলোও আরও জোরদার হবে।’
ফোরামের মহাসচিব আশিকুর রহমান জানালেন, নিজেদের অভিযোগনামা নিয়ে আইনমাফিক আপত্তি জানাবেন তাঁরা। তাতে ফল না হলে আগামীকাল সন্ধ্যায় ফোরামের স্টিয়ারিং কমিটির বৈঠকে ঠিক হবে পরবর্তী করণীয়। সেই সভা থেকে আসতে পারে নির্বাচন বয়কট কিংবা মামলা করার সিদ্ধান্তও।
ফোরামের উল্লেখ করা ১৩টি ‘অনিয়মের’ ঘটনার শুরুতেই আছেন মহাসচিব। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভায় কাউন্সিলর হিসেবে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমানের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কিন্তু বিসিবির কাউন্সিলরশিপ ফরমই নাকি তাঁরা পাননি। পরে জানতে পেরেছেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ‘জনৈক আশরাফুজ্জামান পিন্টুকে’ মনোনয়ন দিয়েছেন। আশিকুর রহমানের আক্ষেপ, ‘৪৫ বছর ধরে ক্রীড়াঙ্গনে আছি আমি। এই অঙ্গনকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি সারা জীবন। কিন্তু এতটা কষ্টের অভিজ্ঞতা হবে, ভাবতেও পারিনি।’
ফোরামের অভিযোগ, এ ছাড়া অনিয়ম করা হয়েছে জামালপুর, নড়াইল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, খুলনা, সিলেট, সুনামগঞ্জ ও মেহেরপুর জেলার কাউন্সিলর মনোনয়নে। আর বিভাগীয় কাউন্সিল মনোনয়নে অনিয়ম হয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেটে। এতেই প্রশ্ন উঠে গেছে সাবেক দুই বাংলাদেশ অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমানের মনোনয়ন নিয়ে। ফোরামের দাবি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে চূড়ান্ত হয়েছিল সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের নাম। অথচ ‘বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য কিংবা কার্যনির্বাহী সদস্য না হওয়ার পরও’ বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মনোনয়ন দিয়েছেন আকরামকে। নাঈমুরের ক্ষেত্রেও একই অভিযোগ মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতির বিপক্ষে।
বারবার ঘুরেফিরে এল খুলনার শেখ সোহেলের নামও। ফোরামের দাবি ওই একই, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য কিংবা কার্যনির্বাহী সদস্য না হওয়ার পরও শেখ সোহেলকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ ক্রীড়া সংস্থার প্যাডে বিসিবিতে চিঠি পাঠানো হয়েছিল এস এম মোর্ত্তজা রশিদী দারার নাম দিয়ে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল জলিলের স্বাক্ষরিত সেই চিঠির কপিও কাল সঙ্গে করে এনে সাংবাদিকদের দেখিয়েছেন মোর্ত্তজা রশিদী।
নির্বাচন প্রক্রিয়া যেভাবে তাড়াহুড়া করে সম্পন্ন করা হচ্ছে, তা নিয়েও শঙ্কার শেষ নেই ফোরামের নেতাদের। লিখিত বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘গঠনতন্ত্রে কমপক্ষে ৪৫ দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে কাউন্সিলর চেয়ে চিঠি দেওয়ার কথা থাকলেও বিসিবি মাত্র ৮ দিনের সময় দিয়ে চিঠি দিয়েছে।’ ভোটার তালিকা নিয়ে আপত্তি ও শুনানি একই দিনে (২৯ সেপ্টেম্বর ) ধার্য করাতে ফোরামের আপত্তির কারণটি যথেষ্ট যৌক্তিক, ‘একই দিনে আপত্তি ও শুনানি নজিরবিহীন। কেউ যদি রংপুর জেলার কাউন্সিলরের ব্যাপারে আপত্তি দেন, তাহলে আপত্তির ব্যাপারটি রংপুরের ওই ব্যক্তিকে জানাতে হবে। কয়েক ঘণ্টার মধ্যে ওই ব্যক্তি কীভাবে রংপুর থেকে ঢাকা আসবেন?’