ফোরামের জবাবে ক্লাব
নির্বাচনের তারিখ পড়েনি, হালনাগাদ হয়নি ভোটার তালিকাও। কয়টা প্যানেল হবে, কোন প্যানেলে কারা থাকবেন, সেসবও জল্পনার বিষয়। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রায় প্রতিদিনই উত্তাপ ছড়াচ্ছে!
এই নির্বাচনে এবার একটা বিভাজন স্পষ্ট—এক দিকে ঢাকার ক্লাবগোষ্ঠী, অন্যদিকে সারা দেশের ক্রিকেট। কথার লড়াইও চলছে এই দুই পক্ষের মধ্যে। পরশু সংবাদ সম্মেলনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা বলেছেন, সভাপতি নির্বাচনে আর যা-ই হোক বর্তমান সভাপতি নাজমুল হাসানকে তাঁরা সমর্থন দেবেন না। এনেছেন বর্তমান অস্থায়ী কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়নে হস্তক্ষেপের অভিযোগও।
কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকার ক্লাবগুলোর পক্ষে এসব অভিযোগের জবাব দিলেন আবাহনীর ইসমাইল হায়দার মল্লিক ও মোহামেডানের লোকমান হোসেন ভূঁইয়া। দুজনই বিসিবির বর্তমান অস্থায়ী কমিটির সদস্য। অথচ বিসিবি অফিসের বারান্দায় হওয়া সংবাদ সম্মেলনে ক্লাব প্রতিনিধি হিসেবে কথা বলেছেন তাঁরা।
নাজমুল হাসানকে সমর্থন দেবেন না—ফোরাম সভাপতি ইউসুফ জামিলের এমন বক্তব্যের জবাবে মল্লিক বলেছেন, ‘পাপন ভাই (বিসিবি সভাপতি নাজমুল হাসান) নির্বাচনে ফোরামের সমর্থন চান না। আর জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থা মানে শুধু ফোরাম নয়। তারা তো ঘোরে ১২ জনকে নিয়ে। জেলা ও বিভাগের ৩৫ জন সাধারণ সম্পাদক পাপন ভাইকেই সমর্থন দেবেন।’
মল্লিক উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর মনোনয়ন-সংক্রান্ত সংশয়টাকেও। তবে জেলা-বিভাগের ১০ পরিচালককে জেলা-বিভাগের ৭১ ভোটেই নির্বাচিত হওয়ার দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, ‘আমরা মনে করি, যিনি যে বিভাগের পরিচালক হবেন তিনি সেই বিভাগের ভোটারদের ভোটেই নির্বাচিত হবেন। এক অঞ্চলের পরিচালক নির্বাচনে কেন অন্য অঞ্চলের ভোটার ভোট দেবেন?’
ক্রিকেট সংগঠক না হয়েও জেলা-বিভাগের অনেকে বিসিবির কাউন্সিলর হয়ে আসেন বলে অভিযোগ মল্লিকের, ‘আমরা চাই ক্রিকেট বোর্ডে ক্রিকেটের লোক আসুক। যিনি সারা বছর ভলিবল বা ফুটবল নিয়ে থাকেন, তিনি ক্রিকেটে আসবেন কেন?’ অথচ তাঁর পাশেই তখন বসা ফুটবল সংগঠক হয়েও বিসিবির বর্তমান অস্থায়ী কমিটিতে ঢুকে পড়া লোকমান হোসেন ভূঁইয়া। ‘ফুটবলের লোক হয়েও লোকমান সাহেব কেন ক্রিকেট বোর্ডে’—এ প্রশ্নে তাঁরা দুজন শুধু বিব্রতই হলেন, সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারলেন না।