ফোরামের দাপটে হারলেন হেলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেই দাবা ফেডারেশনের নির্বাচনে ‘শক্তির পরীক্ষা’ দিয়েছিল ফোরাম। দাবাড়ুদের পরিষদের বিরুদ্ধে ‘নীরব বিপ্লব’ ঘটিয়ে বিপুল ব্যবধানে জিতেছে সব কটি পদেই। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের এই সংগঠন কাল আবার দাপট দেখাল। বাফুফের তিনটি সদস্য পদেই নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে তারা। গত ৩০ মে বাফুফের ১৬টি সদস্য পদের মধ্যে ১৩ জন নির্বাচিত হয়েছিলেন। তিনটি সদস্য পদে চারজন প্রার্থীর ভোট সমান হওয়ায় কাল ওই তিনটি পদে পুনর্নির্বাচন হয়েছে। তাতে দেখা যায়, জেলার তিন প্রার্থী জাতীয় দলের সাবেক ফুটবলার নীলফামারীর আরিফ হোসেন মুন (৯৪ ভোট), চাঁপাইনবাবগঞ্জের তৌফিকুল ইসলাম (৯৩) ও খুলনার আজমল আহমেদ (৮৫) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে ১০৭টি। এর মধ্যে জেলার ভোটই ৭০টি। ঢাকার একমাত্র সংগঠক আনোয়ারুল হক পেয়েছেন মাত্র ৪৯ ভোট। ফোরাম চায়নি আনোয়ারুল হক জিতুন, তাই তাঁর ভরাডুবি। এর মাধ্যমে আবারও সামনে এল প্রশ্নটা, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কোন দিকে নিয়ে যাচ্ছে ফোরাম? নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে বটে, কিন্তু ভোটের দিক থেকে সংখ্যাগরিষ্ঠ ওই ফোরামই। তাই ফোরামে আশীর্বাদ ছাড়া কারও পক্ষেই জেতা সম্ভব হচ্ছে না। এটা আবার প্রমাণিত। তা ছাড়া দেখা যাচ্ছে, ফোরামের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য। আর যা-ই হোক, ভোটের বাক্সে কোনো ছাড় নয়—এই হলো ফোরামের মূল মন্ত্র।