বিসিবির গঠনতন্ত্র নিয়ে তৈরি হওয়া জটিলতা তাহলে দূর হচ্ছে? উত্তরটা হ্যাঁবোধক হবে কি না, তা সময়ই বলবে। তবে একটা উদ্যোগ দৃশ্যমান। বিসিবি কার্যালয়ে কাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের (ফোরাম) সঙ্গে বিসিবির কর্মকর্তারা মতবিনিময় সভায় বসেছিলেন। সভা শেষে জটিলতা দূর করার ইঙ্গিত দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান ও ফোরামের সভাপতি ইউসুফ জামিল। ‘নতুন গঠনতন্ত্র নিয়ে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সেগুলোর সমাধান কীভাবে সম্ভব, তা নিয়েই আলোচনা করেছি। আমরা তাদের (ফোরাম) আশ্বস্ত করেছি, বিসিবির পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, করা হবে’ সভা শেষে বলেছেন বোর্ডের সভাপতি। ফোরামের প্রধান ইউসুফ জামিল স্বাগত জানিয়েছেন বোর্ড সভাপতির আলোচনার উদ্যোগকে, ‘উনি ধৈর্য ধরে আমাদের সব কথা শুনেছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আশা করি, আরও দুই-একবার বসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।’বিসিবির গঠনতন্ত্রকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে হওয়া রিটের দুই বাদীর একজন ইউসুফ জামিল। সেই রিট তুলে নেওয়ার সম্ভাবনার কথাও জানালেন, ‘অগ্রগতি হচ্ছে। আমি যেহেতু রিটের বাদী, আমি রিট তুলে নিলে তো কারও কিছু বলার নেই।’