ফৌজদারি অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে যুক্তরাজ্যে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন পাকিস্তানের সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির।গত মাসের শুরুতে দোহায় আইসিসির সদর দপ্তরে ৪৫ ঘণ্টারও বেশি সময় তিন ক্রিকেটারকে জেরা করা হয়। সেখানে অভিযুক্ত ক্রিকেটারদের প্রত্যেকে নিজেকে নির্দোষ দাবি করলেও যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) আজ শুক্রবার জানিয়েছে, চক্রান্তের চেষ্টা ও অবৈধ পন্থায় অর্থ নেওয়ায় ফৌজদারি অভিযোগে তিন ক্রিকেটার ও তাঁদের এজেন্টদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।সিপিএস জানায়, আগামী ১৭ মার্চ এ মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে। এ দিন ব্রিটেনের আদালতে উপস্থিত হতে ব্যর্থ হলে অভিযুক্ত ক্রিকেটারদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। সিপিএসের প্রধান সাইমন ক্লিমেন্স জানান, অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ তাঁর সংস্থার কাছে রয়েছে। আর এ জন্য সালমান বাট, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির ও এজেন্ট মাজহার মজিদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গত বছরের সেপ্টেম্বর থেকে আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় আছেন বাট, আমির ও আসিফ। নিষেধাজ্ঞায় বলা হয়, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে ক্রিকেটারদের। রয়টার্স।