ফ্যাব্রিগাসকে চাইছেন ইনিয়েস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব চ্যাম্পিয়নদের ‘পতনের’ সাক্ষী হয়ে আছে সাম্প্রতিক বিশ্বকাপগুলো। ১৯৯৮-এর চ্যাম্পিয়ন ফ্রান্স পরের বিশ্বকাপে লেজ গুটিয়েছে গ্রুপ পর্বেই। ২০০২-এর চ্যাম্পিয়ন ব্রাজিল জার্মানি বিশ্বকাপে এসে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে। আর এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির দুর্দশার উদাহরণ তো টাটকাই। স্পেনের বিজয়োৎসব মিইয়ে না যেতেই এই প্রশ্নটাও উঠছে, স্পেন কত দিন ছড়ি ঘোরাতে পারে, সেটাই দেখার।ফাইনালের নায়ক আন্দ্রেস ইনিয়েস্তা কিন্তু আশ্বস্ত করছেন, স্পেনকে একই পাল্লায় মাপলে চলবে না। কারণ ইউরো আর বিশ্ব চ্যাম্পিয়নের জোড়া সাফল্যে তারা ভেসে যাচ্ছে না মোটেও। বরং স্পেন নাকি শুরু করবে একেবারে শূন্য থেকেই। বার্সেলোনায় নিজের ঘরে ফেরার পর এই মিডফিল্ডার বলেছেন, ‘আমরা একইভাবে এগিয়ে যেতে চাই। এই শিরোপা জয়ের আনন্দে বুঁদ হয়ে সবাই ভেসে যাচ্ছে না। কোনো খেলোয়াড়ের পারফরম্যান্সে এতে নেতিবাচক প্রভাব ফেলবে না।’ইনিয়েস্তার কথার প্রমাণ পাওয়ার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী মাসেই মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাদের নতুন মিশন। সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০১২ ইউরোর বাছাইপর্ব।ফাইনালের মহা গুরুত্বপূর্ণ গোলটি করেছেন বলে বার্সেলোনা তারকার ওপর এসে পড়েছে সব আলো। তবে ইনিয়েস্তা নিজে একক কোনো কৃতিত্ব নিতে মোটেও রাজি নন। এখনো তাঁর কণ্ঠে বরং সেস ফ্যাব্রিগাসকে নিয়ে মুগ্ধতা। হল্যান্ডের বক্সে ফ্যাব্রিগাসই বলটা বাড়িয়ে দিয়েছিলেন ইনিয়েস্তার দিকে। ‘সবকিছু ঘটে গেছে খুব দ্রুত। প্রথম দিকে তো নিজেকে বিচ্ছিন্নই মনে হচ্ছিল, মনে হচ্ছিল, আমি বুঝি অফসাইডে দাঁড়িয়ে আছি। সেস যেভাবে আমাকে খুঁজে নিল সেটাও অবিশ্বাস্য। ও খুব দ্রুত আমাকে পাস দিল, বলটা আমি পেলাম। জানতাম, এটা আমাকে জালে পাঠাতেই হবে। কারণ পেনাল্টি পর্যন্ত ম্যাচ গেলে সেটি আমাদের জন্য ভয়াবহ হয়ে দাঁড়াতে পারে’—সেই গোলের স্মৃতি রোমন্থন করে বলেছেন ইনিয়েস্তা।ইনিয়েস্তার ফ্যাব্রিগাস-মুগ্ধতা শেষই হচ্ছে না। এমনিতেই বাতাসে গুঞ্জন, ফ্যাব্রিগাস নাকি আর্সেনাল ছেড়ে তাঁর পুরোনো ঠিকানায় ফিরছেন। বার্সার যুব প্রকল্পের আবিষ্কার এই মিডফিল্ডার ২০০৩ সাল থেকে খেলছেন ‘গানার’দের হয়ে। তাঁর বার্সায় ফিরে আসার গুঞ্জন উসকে গেছে শিরোপা উদ্যাপনের একটা মুহূর্তে তাঁর গায়ে বার্সেলোনার পোশাক দেখা যাওয়ায়। বার্সা অধিনায়ক কার্লোস পুয়োল আর তাঁর রক্ষণভাগের সঙ্গী জেরার্ড পিকে দুষ্টুমি করে বার্সার শার্ট পরিয়ে দিয়েছেন। এই ‘দুষ্টুমি’তে যোগ দিয়েছিলেন লিভারপুলের পেপে রেইনাও।ফ্যাব্রিগাস অবশ্য আগেই বলেছেন, স্রেফ মজা করার জন্য এই দুষ্টুমি করা হয়েছে। তবে ইনিয়েস্তার কথা শুনে মনে হচ্ছে, পুরোনো বন্ধুকে ফিরে পাওয়ার আশায় পথ চেয়ে আছেন তাঁরা, ‘আমাদের দলের সবাই চায়, ও আমাদের দলে যোগ দিক। আমরা খুবই খুশি হব। ও আমাদের বন্ধু বলেই এ কথা বলছি না, সেস এলে আমাদের ক্লাবের জন্যও সেটি অনেক ভালো হবে। মানের দিক দিয়ে আমরা অনেক এগিয়ে যাব।’বড় ক্লাবগুলোকে লিগের পাশাপাশি কাপ এবং চ্যাম্পিয়নস লিগের জন্যও লড়াই করতে হয়। কখনো কখনো সপ্তাহে তিনটি করেও ম্যাচ খেলতে হয়। গত মৌসুমে যে কারণে মাঝমাঠে জাভি-ইনিয়েস্তার ওপর অনেক চাপ গেছে। ইনিয়েস্তা ইনজুরিতে পড়ার পর জাভি তো প্রায় একাই টেনে নিয়ে গেছেন দলকে। সঙ্গে লিওনেল মেসি থাকলেও মাঠে তাঁকে আসলে খেলানো হয় মুক্ত রেখে। কোনো নির্দিষ্ট দায়িত্ব পেপ গার্দিওলা মেসিকে দেন না। এই মৌসুমে ডেভিড ভিয়া বার্সায় যোগ দেওয়ায় দলের আক্রমণভাগের শক্তি বেড়েছে। ফ্যাব্রিগাস এলে মাঝমাঠও শক্তিশালী হয়। ইনিয়েস্তাও বলছেন, ‘ও এলে বড় প্রতিযোগিতাগুলোয় আমরা ভালোভাবে লড়াই করতে পারব।’ ওয়েবসাইট।