ফ্যাব্রিগাসকে চায় ম্যানচেস্টার ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেস ফ্যাব্রিগাসকে দলে নিতে চান ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ ডেভিড ময়েস। ওয়েইন রুনির সম্ভাব্য দলত্যাগের গুঞ্জনের মুখে দলের মধ্যমাঠ শক্তিশালী করতেই বার্সেলোনা থেকে ফ্যাব্রিগাসকে উড়িয়ে আনতে চান তিনি। ব্যাপারটি আগামী মৌসুমে দল নিয়ে ময়েসের পরিকল্পনার অংশ বলে জানিয়েছে ফুটবল ওয়েবসাইট সকারনেট।

ফ্যাব্রিগাসের পাশাপাশি দলে তিনি চান মারোউয়ানে ফেল্লাইনি কিংবা থিয়াগো অলচানত্রাকে। ফ্যাব্রিগাস তাঁর পয়লা পছন্দ। ফ্যাব্রিগাসকে না পেলে ফেল্লাইনি ও আনচানত্রার মধ্যে যেকোনো একজনকে ইউনাইটেডে সই করাতে মরিয়া ময়েস।

ওল্ড ট্র্যাফোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে সকারনেট আরও জানায়, ফ্যাব্রিগাসকে নিয়ে ইতিমধ্যে বার্সেলোনার সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সেলোনা নাকি ফ্যাব্রিগাসের চেয়ে থিয়াগোকেই বিক্রি করতে বেশি আগ্রহ প্রকাশ করেছে। থিয়াগোর জন্য এরই মধ্যে ১৮ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়ে দিয়েছে।

ফ্যাব্রিগাস এর আগে আর্সেনালের হয়ে অনেক দিন খেলেছেন, তাই ইংলিশ অভিজ্ঞতাটা তাঁর কাছে নতুন কিছু নয়। তবে এই মুহূর্তে তিনি বার্সা ছাড়বেন কি না, সেটা নির্ভর করছে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর। কাতালানদের সঙ্গে তাঁর আবেগের সম্পর্কের জের ধরেই ২০১০ বিশ্বকাপের পর অনেকটা জোর করে বার্সেলোনায় এসেছিলেন সেস ফ্যাব্রিগাস। গত দুই মৌসুমে ফ্যাব্রিগাস বার্সেলোনার মধ্যমাঠের মূল ভূমিকা কখনোই পাননি। জাভি ও ইনিয়েস্তার পাশে ফ্যাব্রিগাস ‘ছায়া’ হিসেবেই ছিলেন। এখন ময়েস ফ্যাব্রিগাসকে ম্যানচেস্টার ইউনাইটেডে পেলে মধ্যমাঠের মূল ভূমিকায় অবতীর্ণ করাবেন কি না, সেটার ওপর ফ্যাব্রিগাসের ইংল্যান্ড যাওয়ার সিদ্ধান্তটি অনেকাংশে নির্ভর করবে।

এদিকে বরুসিয়া তারকা রবার্ট লেভানডোফস্কির ব্যাপারে ইউনাইটেডের ব্যাপক আগ্রহ থাকলেও গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ তাদের হতাশই করেছে। লেভানডোফস্কি নিজে বায়ার্ন মিউনিখের ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় ইউনাইটেড এখন বিকল্প ভাবতে শুরু করেছে।