ফ্যাব্রিগাসকে ছাড়ছে না বার্সা

সেস ফ্যাব্রিগাসকে বিক্রি না করার সিদ্ধান্তে অটল রয়েছে বার্সেলোনা। ক্লাবের সহসভাপতি হাভিয়ের ফাওস গতকাল নিশ্চিত করেছেন, ন্যু ক্যাম্পেই থাকছেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
‘আমাদের সঙ্গে ওর (ফ্যাব্রিগাস) একটা চুক্তি আছে। ক্লাব, কোচ—সবাই চায় সে এখানে থাকুক। সে এখানেই থাকছে। ওকে অন্য কোথাও যেতে দিতে চাই না আমরা।’ বলেছেন হাভিয়ের ফাওস।
২৬ বছর বয়সী ফ্যাব্রিগাসকে কিনতে মরিয়া ইউনাইটেড। তাঁকে পেতে প্রথমে ২৫ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দেয় ক্লাবটি। বার্সা তাতে সম্মত না হওয়ায় প্রস্তাবটা ৩০ মিলিয়ন পাউন্ডে উন্নীত করে ইউনাইটেড। এই অর্থের বিনিময়েও ফ্যাব্রিগাসকে বিক্রি করতে সম্মত হয়নি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এর পরও আশা ছাড়েনি ইউনাইটেড। কোচ ডেভিড ময়েস কয়েক দিন আগে জানিয়েছিলেন, ফ্যাব্রিগাসকে কেনার প্রক্রিয়া এখনো চলছে।
বার্সা অবশ্য ফ্যাব্রিগাসকে বিক্রি করতে আগ্রহী নয়। ন্যু ক্যাম্পে নিজের প্রথম সংবাদ সম্মেলনে কোচ জেরার্ডো ‘টাটা’ মার্টিনোও সমর্থকদের প্রতিশ্রুতি দেন, ফ্যাব্রিগাস থাকছেন। আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘আমি ক্লাবের আর্থিক বিষয়ে নিজেকে জড়াব না। তবে এরই মধ্যে তারা দুবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কাজেই আমি তৃতীয়বার সেটা করব। আমরা তাঁকে ধরে রাখতে চাইছি।’ ইউনাইটেড এখনো নতুন করে কোনো প্রস্তাব দেয়নি। নতুন করে প্রস্তাব প্রত্যাখ্যানের প্রসঙ্গটাও তাই আসছে না। তবে বার্সার সহসভাপতির বক্তব্যের পর ফ্যাব্রিগাসকে পাওয়ার আশা ছেড়ে দেওয়াটাই বোধহয় ইউনাইটেডের জন্য বুদ্ধিমানের কাজ হবে।’ সূত্র: বিবিসি।