ফ্যাব্রিগাসের নতুন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি বার্সেলোনায় যেতে চাই’—আগে মাঝেমধ্যেই মনের এই ইচ্ছার কথা জানালেও বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম দীর্ঘ দলবদল-প্রক্রিয়া সেরে বার্সেলোনায় ফিরে চুক্তি নিয়ে কথা বলেননি ফ্যাব্রিগাস। তবে সপ্তাহ না ঘুরতেই নীরবতা ভাঙলেন। বলছেন বার্সেলোনা তাঁর ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ।এমন নয় যে বার্সেলোনায় তাঁকে ভিন্ন কিছু করতে হবে। আর্সেনালে থাকতে মাঝমাঠে যেভাবে খেলাটা তৈরি করতেন, এই দলেও কাজটা তাই হবে। তাহলে চ্যালেঞ্জের কথা আসছে কেন? আসছে, কারণ দায়িত্ব এক হলেও পরিস্থিতি ভিন্ন, ভিন্ন ক্লাব হিসেবে রণকৌশল আলাদা। সবচেয়ে বড় কথা, আর্সেনাল আর বার্সেলোনা দল হিসেবে এক রকম নয়।ফ্যাব্রিগাস জানেন, বার্সেলোনার মূল একাদশে জায়গা পেতে তাঁকে লড়াই করতে হবে। তার পরও ২৪ বছর বয়সী মিডফিল্ডার আর্সেনাল ছেড়েছেন কারণ, সেখানে যে ‘নিশ্চল’ হয়ে গিয়েছিলেন। সচল হওয়ার আশায় বার্সেলোনায় ফিরে তিনি উচ্ছ্বসিত, ‘সবচেয়ে সহজ হতো আর্সেনালেই থেকে যাওয়া। আমি অধিনায়ক ছিলাম, প্রতিটি ম্যাচই খেলেছি। আমরা সব সময়ই চ্যাম্পিয়নস লিগ খেলেছি এবং সব সময়ই শিরোপার জন্য লড়াই করেছি। কিন্তু সবদিক থেকেই এখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। হয়তো বার্সেলোনায় ফেরার জন্য এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে সবচেয়ে খারাপ। শুরুর একাদশে জায়গা করে নেওয়াটা সত্যিই কঠিন হবে। কিন্তু আমার জীবনে দরকার ছিল একটা নতুন চ্যালেঞ্জ।’একাদশে জায়গা পেতে তাঁকে লড়াই করতে হবে জাভি, ইনিয়েস্তা, আলকানতারার সঙ্গে। এরই মধ্যে তাঁর চুক্তিটাকে মনে করা হচ্ছে, ৩১ বছর বয়সী জাভির ভবিষ্যৎ বিকল্প। মানে জাভি অবসর নিলে তাঁর জায়গাটা নেবেন ফ্যাব্রিগাস!কিন্তু এমন আলোচনাকে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেললেন ফ্যাব্রিগাস, ‘আমি জানি না। আমি মনে করি, জাভি আরও কয়েক বছর এভাবেই খেলবে। সে যা করে, তা আপনি বিশ্বাসও করতে পারবেন না! আমি এখানে জাভিকে অবসরে পাঠাতে আসিনি। এসেছি জাভির সঙ্গে খেলতে, জাভির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং জাভির সঙ্গে শিরোপা জিততে। জাভির বিষয়ে যা বললাম, ইনিয়েস্তা ও থিয়াগোর ব্যাপারও একই কথা বলব। আমি মনে করি, আমরা সবাই মিলে দারুণ একটা গ্রুপ তৈরি করেছি। আমরা দুর্দান্ত একটি দল, আমরা একত্রে দারুণ কিছু করব।’বার্সায় যোগ দিয়ে তাঁর আজন্ম স্বপ্নটাই সত্যি হয়েছে, ‘শেষ পর্যন্ত চুক্তিটা হয়েছে এবং বার্সেলোনায় আসতে পেরে আমি খুশি। এটা দূরতর স্বপ্নেও ভাবিনি, একদিন বার্সার প্রথম দলে আমার খেলা হবে।’ ওয়েবসাইট।