ফ্যাব্রিগাসের বিশ্বকাপ নিয়েই সংশয়
দুটি নয়, একটি পা। হ্যাঁ, সেস ফ্যাব্রিগাসের একটি পায়ে বেঁচে আছে আর্সেনালের চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন, সেই পা-ই আবার তাঁকে ফেলে দিয়েছে দুঃস্বপ্নের পাকে। যে পায়ে পেনাল্টি গোল করে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে আর্সেনালকে ২-২ গোলের ড্র এনে দিয়েছেন, সেই পা-টা ভেঙে গেছে ফ্যাব্রিগাসের।গোল করার পরই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন আর্সেনালের স্প্যানিশ প্লে-মেকার। ডাক্তারি পরীক্ষা জানিয়েছে, ডান পায়ের ফিবুলা ভেঙে গেছে তাঁর। বাকি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না। শঙ্কা আছে বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠা নিয়েও। আসলে পুরোনো চোটেই নতুন করে চোট পেয়েছেন ফ্যাব্রিগাস। ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে প্রথম চোট পেয়েছিলেন এই পায়ে। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর কথা—ফ্যাব্রিগাসের এই পা-টা আগেই ভাঙা ছিল! তবে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের দাবি, ফিটনেস পরীক্ষার পরই ফ্যাব্রিগাসকে দলে নেওয়া হয়েছে। ম্যাচের আগে তাঁর পায়ের এমআরআই এবং এক্স-রেও নাকি করিয়ে নেওয়া হয়েছিল। আর্সেনালে অবশ্য এটা নিয়ে বিতর্কের মানসিকতা কারও নেই। ফ্যাব্রিগাসকে মৌসুমের বাকি সময়ের জন্য হারিয়ে খুবই হতাশ তারা। সামনে চ্যাম্পিয়নস লিগ আর প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপূর্ণ সব ম্যাচ। এমন সময়ে দলের অন্যতম সেরা প্লে-মেকারকে হারানোর হতাশা তো হবেই। তবে সব ভুলে আর্সেনাল শিবিরে ফ্যাব্রিগাসের দ্রুত সেরে ওঠার প্রার্থনা চলছে—আর্সেনালের হয়ে এ মৌসুমে আর মাঠে না নামা হোক, বিশ্বকাপটা যেন খেলতে পারেন। ফ্যাব্রিগাস যাতে ঠিক সময়ে সেরে উঠতে পারেন, এ প্রার্থনাটা সবচেয়ে বেশি করবেন মনে হয় কার্লোস পুয়োল। ফ্যাব্রিগাস তাঁর স্পেন-সতীর্থ বলেই শুধু নয়, এই ইনজুরিটার সঙ্গে যে জড়িয়ে আছে তাঁর নাম। পুয়োলের ফাউল থেকে পেনাল্টি পেয়ে পেনাল্টি নিয়েছেন ঠিকভাবেই। পেনাল্টি থেকে গোল করার পর প্রতিপক্ষের জাল থেকে বল নিয়ে আসার সময়ই খোঁড়াতে শুরু করেন ফ্যাব্রিগাস। যদিও ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হয়েছে, পুয়োলের ট্যাকল থেকেই চোটটা পেয়েছেন তিনি।সে যা-ই হোক, পুয়োল প্রার্থনা করছেন। একটা বিশ্বাসও আছে বার্সেলোনা অধিনায়কের মনে—ফ্যাব্রিগাস সময়মতো ঠিক সেরে উঠবেন, ‘আশা করছি ও দ্রুতই ফিরে আসবে। কারণ মানুষ সেরা খেলোয়াড়দের মাঠে দেখতে চায়। তার জন্য এটা খারাপ খবর। তবে আমার বিশ্বাস, সে দ্রুতই ফিরে আসবে। কারণ সেস সাহসী এবং এটাই তাকে দ্রুত মাঠে ফিরতে সাহায্য করবে।’ এএফপি, ওয়েবসাইট।