ফ্যালকাও এখন মোনাকোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসি ও ম্যানচেস্টার সিটির পর মোনাকোকে জড়িয়ে তাঁর নাম শোনা যাচ্ছিল। গত সপ্তাহে আবার শোনা গেল ফ্রান্স লিগের দল মোনাকোর সঙ্গে তাঁর চুক্তিটা হয়েই গেছে। ব্যাপারটা এখন আর অনুমানের গণ্ডিতে থাকল না। রাদামেল ফ্যালকাও নতুন ডেরা বাঁধলেন মোনাকোতেই। ক্লাবের রুশ মালিক দিমিত্রি রাইবোলোভলেভ গত শুক্রবার ঘোষণা দিয়েছেন, ফ্যালকাওকে সই করানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পাঁচ বছরের চুক্তিটা ৬ কোটি ইউরোর।তাঁকে নিয়ে এত বড় বড় দলের আগ্রহ থাকতে দুই মৌসুম পর ফ্রান্সের শীর্ষ লিগে কেন গেলেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার? ফ্যালকাওয়ের বেতনটা জানলে অবশ্য উত্তর পেয়ে যাবেন। বছরে নাকি ১ কোটি ৪০ লাখ ইউরো বেতন পাচ্ছেন। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির চেয়েও যেটা বেশি বলে অনুমান।রুশ ধনকুবের রাইবোলোভলেভ মোনাকোকে কিনে নেওয়ার পর ক্লাবটির টাকার অভাব নেই। আঁচটা পাওয়া যাচ্ছিল বেশ কদিন থেকেই। কিছুদিন আগেই পোর্তো থেকে ৭ কোটি ইউরো চুক্তিতে হোয়াও মুতিনহো ও জেমস রদ্রিগেজকে এনেছে মোনাকো। রিয়াল থেকে এসেছেন পোড়-খাওয়া ডিফেন্ডার রিকার্ডো কার্ভালহো। এবার তো ধরল আরও বড় শিকার। পেট্রোডলারের দাক্ষিণ্যে প্যারিস সেন্ট-জার্মেই এই মৌসুমে ফ্রান্সে একরকম অপ্রতিরোধ্যই ছিল। মোনাকো আসার পর দুই ক্লাবের লড়াইটা সামনের মৌসুমে ভালোই জমবে মনে হচ্ছে!বিশ্ব ফুটবলে এর চেয়ে বেশি অর্থ খরচ হয়েছে খুব কম খেলোয়াড়ের পেছনে। ফ্রান্সের যে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। গত মৌসুমে পিএসজি আনুমানিক ৪ কোটি ৩০ লাখ ইউরোর বিনিময়ে দলে নেয় থিয়াগো সিলভাকে। টাকার অঙ্কে ফ্যালকাও তাঁকেও পেছনে ফেললেন বেশ ভালোভাবেই। একটা হ্যাপা অবশ্য মোনাকোর জন্য অপেক্ষা করছে। ফুটবল ক্লাবগুলোর যথেচ্ছ অর্থব্যয়ের লাগাম ধরে রাখতে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন একটা আইন করেছে। এভাবে টাকা ছড়িয়ে মোনাকো সেই আইনটা ভঙ্গ করেছে কি না, সেটি নিয়ে উঠেছে প্রশ্ন। সে যা-ই হোক, আপাতত ইউরোপে নিজেদের আগমনী বার্তাটা সাড়ম্বরেই জানান দিল মোনাকো। এএফপি, রয়টার্স।