ফ্যালকাও-জাদু চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটলেটিকো মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ ম্যাচের অন্তিম সময়। তখনো কোনো গোল হয়নি ম্যাচে। ড্রটাকেই মনে হচ্ছিল সম্ভাব্য ফল। এমন সময় বক্সের বাইরে ফ্রি-কিক পেল অ্যাটলেটিকো। ডান পায়ের দুর্দান্ত ফ্রি-কিকটা মানবদেয়ালের ওপর দিয়ে জড়িয়ে গেল জালে। কিকটা কে নিয়েছেন, সেটা নিশ্চয়ই অনুমান করতে পারছেন? আরও একবার রাদামেল ফ্যালকাওয়ের কাঁধে সওয়ার হয়েই পার পেল অ্যাটলেটিকো। স্প্যানিশ লিগকে যারা দুই ঘোড়ার দৌড় বলে উপহাস করে তাদের জন্য এখন পর্যন্ত অ্যাটলেটিকো মোক্ষম একটা জবাব। ৭ খেলায় ২২ পয়েন্ট নিয়ে বার্সেলোনার সঙ্গে শীর্ষে তারা। এখনো মৌসুমের অনেকটাই বাকি, শেষমেশ শিরোপা জিততে পারবে কি না সেটা এখনই বলা অসম্ভব। তবে ফ্যালকাও যদি এমন জাদু দেখাতেই থাকেন, তবে কে জানে, অভাবনীয় কিছু হলেও হয়ে যেতে পারে! লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এই কলম্বিয়ান স্ট্রাইকার পাল্লাও দিচ্ছেন সমানতালে। এখন পর্যন্ত মেসিই ১১ গোল নিয়ে সবার ওপরে, তবে ৯ গোল নিয়ে পিছিয়ে নেই রোনালদো-ফ্যালকাও। শেষ সময়ের গোলের জয়ে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত, ‘দুটি দলই জয়ের জন্য খেলেছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। তবে ফ্যালকাও-ই দারুণ এক ফ্রি-কিকে জিতিয়েছে ম্যাচটি। ফ্রি-কিক আরও নিখুঁত করার জন্য সে অনেক অনুশীলন করছে। আজ সেটারই ফল সে পেল।’ শুরুর দুঃসময়টা পেছনে ফেলে ইন্টার মিলানও এখন ছুটিয়ে চলছে জয়রথ। রোববার আন্তনিও কাসানো ও রদ্রিগো প্যালাসিওর গোলে কাতানিয়াকে হারিয়েছে ইন্টার। এই নিয়ে টানা চার ম্যাচে জয় পেল নেরাজ্জুরিরা। শীর্ষে থাকা জুভেন্টাসের সঙ্গে পয়েন্ট ব্যবধান এখন ৪, তবে ৩ নভেম্বরই সেটাকে কমিয়ে আনার সুযোগ পাচ্ছে তারা। জুভেন্টাসের বিপক্ষে ওই ম্যাচের দিকেই চোখ ইন্টার কোচ আন্দ্রেয়া স্ত্রামাৎচিওনির, ‘সম্ভবত জুভেন্টাসের সঙ্গে খেলার পরই স্পষ্টভাবে বলা যাবে আমাদের সম্ভাবনা আসলে ঠিক কতটুকু।’ দলের রক্ষণভাগ নিয়েও কোচের কণ্ঠে ঝরেছে সন্তুষ্টি, ‘রোমার সঙ্গে ম্যাচে তিন গোল খাওয়ার পরের ছয় ম্যাচে আমরা মাত্র ৩ গোল খেয়েছি। এটা নিয়ে আমি খুশি।’অঘটন ঘটেছে ফ্রেঞ্চ লিগে, দুর্দান্তভাবে মৌসুম শুরু করা অলিম্পিক মার্শেই হেরে গেছে তলানির দিকের ক্লাব ত্রয়ের কাছে। সেই সঙ্গে খুইয়েছে শীর্ষস্থানও, গোল-ব্যবধানে এখন শীর্ষে আছে এই মৌসুমের আলোড়ন পিএসজি। এএফপি।