ফ্যালকাও তাহলে মোনাকোতে?

তাঁরা দুজন মোনাকোতে এসেছিলেন বেশ নীরবে। কিন্তু এই যুগে সংবাদমাধ্যমের চোখ এড়িয়ে কি থাকা যায়? রাদামেল ফ্যালকাও আর রিকার্ডো কারভালহো পরশু মোনাকোতে একটা পুরো দিন কাটিয়েছেন, এই খবর এখন ফুটবল-বিশ্বের জানা। কেন গিয়েছিলেন, সেটাও আন্দাজ করা খুব কঠিন কিছু নয়। আসছে মৌসুমে দুজনই ফরাসি লিগ ওয়ানের এই ক্লাবের হয়ে খেলবেন—এটা প্রায় নিশ্চিত। চুক্তির সর্বশেষ আনুষ্ঠানিকতাটুকু সারতেই এই আকস্মিক সফর!
দুই বছর পর আবার ফ্রেঞ্চ ফুটবলের সর্বোচ্চ লিগে উঠে এসেছে মোনাকো। এবার এখানে মাথা উঁচু করেই টিকে থাকতে চায় তারা। সত্যি বললে, শিরোপার দিকেই চোখ রেখে ক্লাবের রাশিয়ান ধনকুবের মালিক অর্থ ঢালছেন অকৃপণ। ক্লাবের একটি সূত্র জানিয়েছে, শুধু ফ্যালকাওকে আনতেই ৬০ মিলিয়ন ইউরোর মতো খরচ হচ্ছে তাদের। যদি তা-ই হয়, তবে অ্যাটলেটিকো মাদ্রিদের এই কলম্বিয়ান স্ট্রাইকার হবেন ফরাসি লিগের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার!
কারভালহোকে আনতে অবশ্য এত কিছু করতে হচ্ছে না মোনাকোকে। রিয়াল মাদ্রিদ থেকে মুক্ত হয়েই এক বছরের চুক্তিতে মোনাকোতে যোগ দিচ্ছেন। মোনাকোর আগ্রহের তালিকায় আছেন বার্সেলোনার গোলরক্ষক ভিক্টর ভালদেসও। বার্সেলোনার সঙ্গে ভালদেসের চুক্তি যদিও শেষ হবে আরও এক বছর পর, কিন্তু ন্যু ক্যাম্প ছাড়ার আগ্রহের কথা এ বছরের শুরুতেই তিনি জানিয়ে দিয়েছেন।
মোনাকোর মতো ঘর গোছানোর কাজ সেরে নিচ্ছে ইউরোপের অন্য ক্লাবগুলোও। ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার কোলো তোরের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছে লিভারপুল। ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ১ জুলাই অ্যানফিল্ডে আসছেন আইভরি কোস্টের ডিফেন্ডার।
ওদিকে নেইমারকে দলে টানার লড়াইয়ে বার্সেলোনার কাছে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ নিশ্চয়ই বসে থাকতে পারে না! গ্যালাকটিকোদের সমর্থক হিসেবে পরিচিত স্প্যানিশ দৈনিক মার্কা সম্প্রতি রিয়াল সমর্থকদের মধ্যে একটা জরিপ চালিয়েছে আগামী মৌসুমে কোন ফুটবলারদের তাঁরা সান্তিয়াগো বার্নাব্যুতে দেখতে চান, সেই বিষয়ে। জরিপে সমর্থকদের সবচেয়ে বেশি ভোট পড়েছে (৬৪.৫ শতাংশ) টটেনহামের উইঙ্গার গ্যারেথ বেলের নামের পাশে। ৫৭.৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার ইলকায় গুনদোগান। সত্যি সত্যি এ দুজন সান্তিয়াগো বার্নাব্যুতে যাবেন, নাকি নতুন কোনো চমক দেখাবেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, সেটা জানার জন্য অবশ্য দলবদলের মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই! এএফপি, রয়টার্স।