ফ্যালকাও নেই কলম্বিয়া দলে

সময়ের সঙ্গেই লড়ছিলেন রাদামেল ফ্যালকাও। আর কিছুদিন সময় পেলেই হয়তো পূরণ করতে পারতেন বিশ্বকাপে খেলার স্বপ্ন। কিন্তু শেষ পর্যন্ত হারই মানতে হলো কলম্বিয়ার স্ট্রাইকারকে। বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন না বলেই রায় দিয়েছেন চিকিত্সকেরা। কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যানও চূড়ান্ত দল ঘোষণা করেছেন ফ্যালকাওকে ছাড়াই।
এ বছরের শুরুতেই হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছিলেন ফ্যালকাও। সে সময়ই অনিশ্চয়তার মুখে পড়েছিল তাঁর বিশ্বকাপ যাত্রা। তার পরও দ্রুত সেরে ওঠারই ইঙ্গিত দিয়েছিলেন কলম্বিয়ার এই তারকা ফুটবলার। কোচ পেকারম্যানও ৩০ সদস্যের প্রাথমিক দলে জায়গা দিয়েছিলেন ফ্যালকাওকে। কিন্তু চূড়ান্ত দল ঘোষণার সময় আর কোনো ঝুঁকি নিতে চাননি পেকারম্যান। গত রোববার দল ঘোষণার সময় তিনি বলেছেন, ‘আমি শুভ সন্ধ্যা বলতে চাই না কারণ আজকের দিনটা খুবই দুঃখজনক। আমাকে ঘোষণা করতে হচ্ছে যে আমারান্তো পেরেয়া, লুইস ফার্নান্দো মুরিয়েল ও ফ্যালকাও বিশ্বকাপে খেলতে পারবে না। পেরেরা আর ফ্যালকাও পারবে না ইনজুরির কারণে। আর মুরিয়েলকে বাদ দেওয়া হয়েছে কৌশলগত কারণে। চিকিত্সকেরা খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে ফ্যালকাও এখনই কোনো প্রতিযোগিতায় ফিরতে পারবে না।’
হতাশ হলেও তিক্ত এই পরিস্থিতি মেনেই নিতে হচ্ছে ফ্যালকাওকে। নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য পুরো দলকে যে ক্ষতিগ্রস্ত করা যায় না সেটা নিজেই বলেছেন এই কলম্বিয়ান তারকা, ‘শতভাগ ফিট আছে এমন কারও জায়গা আমি দখল করতে চাই না।’—গোল ডটকম
কলম্বিয়ার চূড়ান্ত দল:
গোলরক্ষক: ডেভিড অসপিনা, ফারাড মনড্রাগন ও ক্যামিলো ভারগাস।
ডিফেন্ডার: হুয়ান কামিলো জুনিগা, পাবলো আরমেরো, সান্টিয়াগো আরিয়াস, এডার আলভারেজ বালান্তা, মারিও আলবার্তো ইয়েপেস, কার্লোস ভালদেজ ও ক্রিশ্চিয়ান জাপাতা।
মিডফিল্ডার: কার্লোস সানচেজ, আবেল আগুইলার, আলেক্সান্ডার মেজিয়া, ফ্রেডি গুয়ারিন, হুয়ান গুইলার্মো কুয়াড্রাডো, জেমস রদ্রিগেজ, হুয়ান ফার্নান্দো কুইনটেরো, আলডো লেয়াও রামিরেজ ও ভিক্টর ইবারবো।
স্ট্রাইকার: জ্যাকসন মার্টিনেজ, আদ্রিয়ান রামোস, তেওফিলো গুতিরেজ ও কার্লোস বাক্কা।