ফ্যালকাও মানেই গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা কেন? চোখ রাখুন অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর। শুধু লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো কেন? চোখ রাখুন রাদামেল ফ্যালকাওয়ের ওপরও!গত এল ক্লাসিকোর আগে একটা হিসাব খুব বেশি করে আলোচনায় এসেছিল। বার্সা নাকি জিতলেই চ্যাম্পিয়ন! বার্সা জিতলে রিয়ালের সঙ্গে ব্যবধান হতো ১১ পয়েন্ট। স্প্যানিশ লিগে গত ১৩ বছরে এর চেয়েও কম ব্যবধানে শিরোপা নিষ্পত্তি হয়েছে। তাত্ত্বিকভাবে কথাটা ভুল নয়।কিন্তু সবকিছু তত্ত্ব মেনে চলে না। চললে পৃথিবী এত বৈচিত্র্যময় হতো না। সেটাই চোখে আঙুল তুলে দেখিয়ে দিল মাদ্রিদেরই আরেকটি দল। সবার চোখ যখন রিয়াল-বার্সায়, অ্যাটলেটিকো চুপিসারে কিন্তু এগিয়ে যাচ্ছে। বার্সার মতোই মৌসুমের দুর্দান্ত শুরু হয়েছে এই দলটির। সাত ম্যাচেই অপরাজিত। বার্সার মতোই ছয় জয়। এমনকি বার্সার সমান ১৯ পয়েন্টও! শুধু রিয়ালকে নিয়ে নয়, বার্সাকে ভাবতে হচ্ছে মাদ্রিদের দুই শীর্ষ দলকে নিয়েই। স্প্যানিশ লিগের গত ২৮ বছরে বার্সা রিয়াল ছাড়া শিরোপা জিততে পেরেছে মাত্র তিন দল। অ্যাটলেটিকো সেই সংক্ষিপ্ত তালিকারই একটা। যদিও তাদের সর্বশেষ শিরোপা সেই ১৯৯৫-৯৬ মৌসুমে। গত মৌসুমে ইউরোপা লিগ জেতা অ্যাটলেটিকো নতুন করে মাথা তুলে দাঁড়াচ্ছে। আর এই রূপবদলের কারিগর দুজন। কোচ ডিয়েগো সিমিওনে আর ফ্যালকাও! গোলের পর গোল করেই চলেছেন কলম্বিয়ান এই স্ট্রাইকার। এ সময়ের ফুটবলে পৃথিবীর সেরা নিখাদ স্ট্রাইকার তিনিই। মেসি-রোনালদোর ওপর সব আলো, নয়তো ফ্যালকাওকে নিয়েও দিস্তার পর দিস্তা লেখা যায়। লিগে মেসি-রোনালদোর সমান আটটি গোল তাঁরও।পোর্তোর হয়ে দুই মৌসুমে ৪৩ ম্যাচে ৩৪ ও ৪২ ম্যাচে ৩৭ গোল করেছেন। এর মধ্যে ২০১০-১১ ইউরোপা লিগে সেই অবিশ্বাস্য ১৭ গোল। পোর্তোর সাফল্য আন্দ্রে ভিলাস বোয়াসকে চেলসিতে আর ফ্যালকাওকে নিয়ে এল অ্যাটলেটিকোয়। ভিলাস বোয়াস প্রথম মৌসুমের মাঝপথেই চাকরি হারালেন, আর ফ্যালকাও তাঁকে কিনতে চেয়েও শেষ পর্যন্ত না কেনা বড় ক্লাবগুলোর আফসোস বাড়িয়ে ইউরোপা লিগে আবার করলেন ১২ গোল। এর মধ্যে ফাইনালে তাঁর জোড়া গোলেই ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট জিতল অ্যাটলেটিকো। সব মিলে অ্যাটলেটিকোর হয়ে প্রথম মৌসুমেই ৩৬ গোল। জাত স্ট্রাইকারদের মানিয়ে নিতে একটু সময় লাগে না, ফ্যালকাও প্রমাণ করে দিলেন। এই মৌসুমের শুরুতে এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী ফ্যালকাও মন্তব্য করেছিলেন, মেসি-রোনালদোর সমান কার্যকর তিনি। তখন কথাটা শুনে অনেকে মুখ টিপে হেসেছিলেন। কিন্তু জবাব দিতে একটুও দেরি করেনি ফ্যালকাও। মৌসুমের শুরুতেই এক ডজন গোল করা সারা। ৫৫১ মিনিটে ১২ গোল। গড়ে প্রতি ৪৫ মিনিটে একটি করে গোল করেছেন ‘দ্য টাইগার’! এর মধ্যে আছে উয়েফা সুপার কাপে সেই দুর্দান্ত হ্যাটট্রিক। চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন চেলসি রীতিমতো লজ্জার সাগরে হাবুডুবু। স্প্যানিশ লিগেও গোলের খাতা খুলেছেন হ্যাটট্রিক করে, বিলবাওয়ের বিপক্ষে। লিগের গত ছয় ম্যাচের পাঁচটিতেই করেছেন গোল। ‘ইউরোপা লিগের রাজা’ অবশ্য এখনো ওই টুর্নামেন্টে গোলের খাতা খোলেননি। দুটো ম্যাচ হয়ে গেছে এরই মধ্যে।রিয়ালের সাবেক কোচ বার্নড সুস্টার দারুণ এক মন্তব্য করেছেন। তাঁর দৃষ্টিতে রোনালদো আর মেসিকে একসঙ্গে মেশালে যা হয়, ফ্যালকাও সেটাই! ওয়েবসাইট।