ফ্যালকাও যখন ‘নিষিদ্ধ ফল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগায় সাত ম্যাচে করে ফেলেছেন ৮ গোল, জাতীয় দলের হয়েও একই রকম দুর্বার। গত দুই মৌসুমজুড়ে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি গায়ে রাদামেল ফ্যালকাও যেভাবে আলো ছড়াচ্ছেন, তাতে তাঁর দিকে বড় বড় ক্লাবের চোখ পড়াই স্বাভাবিক। একই শহরের ক্লাব রিয়াল মাদ্রিদের তো তাঁকে দলে পেতে ঝাঁপিয়ে পড়ার কথা। কিন্তু রিয়াল কেন ফ্যালকাওকে দলে টানছে না? রহস্যটা ফাঁস করেছেন মাদ্রিদ কোচ হোসে মরিনহো, ‘আমাদের প্রতিপক্ষের জন্য ফ্যালকাও একজন প্রধান খেলোয়াড়, যেমনটা ছিল কুন আগুয়েরো। কিন্তু দুই দলের মধ্যে যেহেতু একটা বোঝাপড়া আছে, ফ্যালকাও তাই আমাদের জন্য নিষিদ্ধ ফল।’ এক শহরের দুটি ক্লাবের মাঝে বৈরিতা থাকাটাই স্বাভাবিক। এখানেও তা আছে। রিয়ালের তুলনায় অ্যাটলেটিকোতে আলো অনেক কম। কিন্তু মাঠে মুখোমুখি হলে আলাদা একটা উত্তেজনার আঁচ থাকেই। তবে মরিনহো যেমন জানিয়েছেন, একটা ক্ষেত্রে দুই ক্লাব ‘জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্টে’ আবদ্ধ। কোনো দল অন্য দল থেকে খেলোয়াড় ছিনিয়ে আনবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই সার্জিও আগুয়েরো ফর্মের তুঙ্গে থাকলেও রিয়াল তাঁর ব্যাপারে নির্লিপ্তই ছিল। এখন মরিনহো যা বললেন, তাতে ফ্যালকাওকেও সাদা জার্সি গায়ে দেখার সম্ভাবনা কমই। তবে পর্তুগিজ দৈনিক আ বোলার মাধ্যমে মরিনহো শুভকামনা জানিয়েছেন ফ্যালকাওয়ের প্রতি, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়, মনে হয় একজন ভালো মানুষও। তাকে অ্যাটলেটিকোতে ভালো করতে দেখে আমি খুশি।’মরিনহো কথা বলেছেন অন্য প্রসঙ্গেও। কদিন আগেই বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে অভিযোগ করেছেন, মরিনহো আসার পর থেকেই রিয়াল-বার্সা দ্বৈরথ তিক্ততার দিকে গড়িয়েছে। মরিনহো অবশ্য সমস্যাটা দেখছেন অন্য জায়গায়, ‘আমাদের ফলই আমাদের পক্ষে কথা বলে, এটা বুঝিয়ে দেয় মাত্র গত দুই বছরে আমরা বার্সার কত কাছাকাছি এসেছি। আমরা বার্সেলোনার আধিপত্য ভেঙেছি, অনেকেই এটাকে অসম্ভব বলে ভেবেছিল।’ ওয়েবসাইট।