ফ্যালকাও যেন ফ্যালকন
ভ্যালেন্সিয়ার প্রতিশোধ নেওয়া সম্ভবত আর হচ্ছে না। অ্যাথলেটিক বিলবাওয়ের অলস্প্যানিশ ফাইনালের স্বপ্নও একটু ধাক্কা খেল। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ এক পা দিয়েই রাখল ইউরোপা লিগের ফাইনালে। আর বিলবাওয়ের ফাইনালে ওঠার আকাঙ্ক্ষাটা পড়ে গেল প্রশ্নের মুখে। গোলপোস্টের সামনে ‘ফ্যালকন’ হয়ে ওঠা রাদামেল ফ্যালকাওয়ের জোড়া গোলে পরশু সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো ৪-২ ব্যবধানে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নিজেদের মাঠে প্রথমে পিছিয়ে পড়েও স্পোর্টিং লিসবন জিতেছে ২-১ গোলে।২০০৯-১০ মৌসুমে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকোর কাছেই হেরে যায় ভ্যালেন্সিয়া। এবার সেমিফাইনালে সেই অ্যাটলেটিকোকে পাওয়াটা তাদের জন্য ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ। কিন্তু প্রথম লেগে বড় পরাজয়ে সেই আশার বেলুন যেন চুপসে গেছে। ফাইনালে উঠতে হলে আগামী ২৬ তারিখ নিজেদের মাঠের ফিরতি লেগে ভ্যালেন্সিয়াকে জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে।পূর্বধারণা মতোই ভ্যালেন্সিয়ার মূল সর্বনাশটা করেছেন রাদামেল ফ্যালকাও। ১৮ মিনিটেই অ্যাটলেটিকোকে এগিয়ে দেন এই কলম্বিয়ান স্ট্রাইকার। অবশ্য তাঁর এই গোলটির দায় আছে ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার আদিল রামিরও। দলের ৪ নম্বর গোলটিও করেছেন ফ্যালকাও। ফলে মৌসুমে তাঁর গোল হয়ে গেল ৩২টি। শেষ ১২ ম্যাচে করলেন ১২ গোল। অ্যাটলেটিকোর অন্য গোল দুটি করেছেন মিরান্ডা ও আদ্রিয়ান লোপেজ। পরশুর ম্যাচটা ছিল অ্যাটলেটিকোর হয়ে আদ্রিয়ানোর ৫০তম ম্যাচ এবং গোলটা ছিল মৌসুমে ইউরোপিয়ান টুর্নামেন্টে তাঁর দশম।ভ্যালেন্সিয়ার গোল দুটি দুই অর্ধের যোগ করা সময়ে। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান হোনাস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান কমানোর সঙ্গে আশার ক্ষীণতম শিখাটা জ্বালিয়ে রেখেছেন রিকার্ডো কস্তা।লিসবনে সফরকারী বিলবাওয়ের গায়েই ছিল ফেবারিটের তকমা। সেমিফাইনালের পথে তারা হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই, ম্যানইউ, শালকে জিরো ফোরের মতো দলকে। অর্তেনতজে ৫৪ মিনিটে বিলবাওকে প্রথমে এগিয়েও দিয়েছিলেন। কিন্তু চার মিনিটের ব্যবধানে লিভারপুল থেকে আসা ব্যাক ইনসুয়া আর ক্যাপেলের দুই গোল স্বাগতিক স্পোর্টিংকেই ভাসিয়েছে জয়ের আনন্দে। ২৬ এপ্রিল ফিরতি লেগে হার এড়াতে পারলেই স্পেনবাসীর অলস্প্যানিশ ফাইনালের স্বপ্নে পানি ঢেলে পর্তুগিজ ক্লাবটি পা রাখবে ফাইনালে। তবে বিলবাওকে বাতিল করা যাচ্ছে না এ কারণেই যে তাদের হাতে রইল একটি মূল্যবান অ্যাওয়ে গোল। এএফপি।