ফ্যালকাও লেভাকে ছাপিয়ে পিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে জয় দিয়েই বুন্দেসলিগায় নতুন মৌসুম শুরু হলো রিবেরি, রোবেন, মুলারদের বায়ার্নের। এএফপি
মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে জয় দিয়েই বুন্দেসলিগায় নতুন মৌসুম শুরু হলো রিবেরি, রোবেন, মুলারদের বায়ার্নের। এএফপি

খেলা হলো ৯০ মিনিট। হিসাব করে দেখা গেল এর ৭১ মিনিটই সাইডলাইনে দাঁড়িয়ে পেপ গার্দিওলা খেলোয়াড়দের উদ্দেশে চিৎকার করে গেছেন। মাতৃভাষা জার্মান হলে হয়তো কষ্টটা কম হতো বায়ার্ন মিউনিখের স্প্যানিশ কোচের। মাত্র আট সপ্তাহে জার্মান ভাষা পুরোপুরি রপ্ত করতে পারেননি বলেই ডাগ-আউট থেকে অনেক কথাই তাঁকে বলতে হয়েছে একাধিকবার।তবে পেপ গার্দিওলার এই বাড়তি পরিশ্রম বৃথা যায়নি। বুন্দেসলিগায় বায়ার্ন মৌসুম শুরু করেছে চ্যাম্পিয়নদের মতোই। শুক্রবার আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মান লিগে এই মৌসুমের প্রথম ম্যাচে গার্দিওলার দল ৩-১ গোলে হারিয়েছে মনশেনগ্ল্যাডবাখকে। জয়ের পর অবশ্য বায়ার্ন কোচ নিজেও স্বীকার করেছেন ভাষাগত সমস্যা বেশ ভোগাচ্ছে তাঁকে, ‘মাঝে মাঝে আমি কী চাই সেটা জার্মান ভাষায় খেলোয়াড়দের বোঝানো কঠিন হয়ে যায়।’ জয় দিয়ে মৌসুম শুরু করেছে দুই মৌসুম পর ফ্রেঞ্চ লিগে ফিরে আসা মোনাকোও। তবে পরশু রাতে বোর্দোর বিপক্ষে ২-০ গোলের জয়ের সঙ্গে মোনাকো কোচের জন্য আরও একটা স্বস্তির বিষয়, গোলের খাতা খুলেছেন নতুন তারকা রাদামেল ফ্যালকাও।

অগসবুর্গের বিপক্ষে ডর্টমুন্ডের ‘হ্যাটট্রিক হিরো’ পিয়ার-এমরিক অবামেয়াং  এএফপি
অগসবুর্গের বিপক্ষে ডর্টমুন্ডের ‘হ্যাটট্রিক হিরো’ পিয়ার-এমরিক অবামেয়াং এএফপি

নতুন ক্লাবে অভিষেক ম্যাচেই জানান দিয়েছেন, ৬০ মিলিয়ন ইউরো দামটা কড়ায়-গন্ডায় পুষিয়ে দিতে তিনি প্রস্তুত। আফসোস শুধু, ম্যাচ জিতেও মোনাকো মাত্র একটি পয়েন্টই জমাতে পারল। গত মৌসুমে ফরাসি লিগের দ্বিতীয় বিভাগে নিজেদের শেষ ম্যাচে সমর্থকদের অসদাচরণের কারণে ২ পয়েন্ট অগ্রিম কেটে রাখা হয়েছিল মোনাকোর।ফ্যালকাওয়ের মতো দারুণ অভিষেক হয়নি, প্যারিস সেন্ট-জার্মেইয়ের হয়ে এডিনসন কাভানি খেলেছেনই মাত্র ১৮ মিনিট। তবে মঁপেলিয়ের বিপক্ষে বদলি হিসেবে নামার মাত্র দুই মিনিটের মধ্যেই দুর্দান্ত এক হেডে নিজের জাত চিনিয়েছেন উরুগুইয়ান এই স্ট্রাইকার। মঁপেলিয়ে গোলরক্ষক জিওফ্রে জর্ডান হেডটা কোনোরকমে রুখতে না পারলে গোল দিয়েই ফরাসি লিগে অভিষেক হতো পিএসজির ৬৪ মিলিয়ন ইউরো দামি স্ট্রাইকারের। শুক্রবার লিগ ওয়ানের মৌসুমের প্রথম দিনে কাভানির মতোই মন্দ কপাল তাঁর ক্লাব পিএসজির। মঁপেলিয়ের সঙ্গে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।তবে গার্দিওলা, ফ্যালকাও কিংবা কাভানি নন, ফরাসি ও জার্মান লিগের মৌসুমের প্রথম দুই দিন মিলিয়ে নায়ক বরুসিয়া ডর্টমুন্ডের নতুন তারকা পিয়ার-এমরিক অবামেয়াং। ১৩ মিলিয়ন ইউরোতে কদিন আগে ডর্টমুন্ডে যোগ দেওয়া এই গ্যাবনিজ স্ট্রাইকার ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেই করেছেন দুর্দান্ত হ্যাটট্রিক। বুন্দেসলিগার ইতিহাসে অভিষেকে হ্যাটট্রিক করা ষষ্ঠ ফুটবলার তিনি। পিয়ারের হ্যাটট্রিকের সঙ্গে রবার্ট লেভানডফস্কির এক গোল মিলিয়ে অগসবুর্গকে পরশু ৪-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। ইয়ুর্গেন ক্লপের দল মৌসুমের প্রথম ম্যাচেই জানিয়ে রাখল, বায়ার্নের শিরোপা ধরে রাখার কাজটা সহজ হতে দেবে না তারা।

ইউরোপিয়ান ফুটবলে পরশু রাতে হ্যাটট্রিক করেছেন আরও একজন—ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনের ১৭ বছর বয়সী স্ট্রাইকার জাকারিয়া বাক্কালি। তিন দিন আগেই আইন্দহোফেনের হয়ে অভিষেকে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে গোল করেছেন বেলজিয়ান এই স্ট্রাইকার, আর এদিন ডাচ চ্যাম্পিয়নশিপে নেইমেগেনের বিপক্ষে হ্যাটট্রিক। আইন্দহোফেনের মূল দলে তাঁকে এরপর নিয়মিত দেখা না গেলে অবাকই হতে হবে। এএফপি।