ফ্যালকাওকে নিয়ে ডাচ অভিনেত্রীর নির্মম রসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলেট ফন ড্যাম
নিকোলেট ফন ড্যাম

কোকেন আর ফুটবল দল। একটি কলম্বিয়ার অভিশাপ, অন্যটি দেশটির গর্ব। এই দুই উল্টো ধারার জিনিস একসঙ্গে মিশিয়ে অদ্ভুত এক রসিকতাই করেছেন ডাচ অভিনেত্রী নিকোলেট ফন ড্যাম। স্বাভাবিকভাবে এই রসিকতা সহজভাবে নেয়নি কলম্বিয়া। দেশজুড়ে উঠেছে সমালোচনার ঢেউ।
গত বুধবার টুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন ফন ড্যাম। সেখানে দেখা যাচ্ছে, কলম্বিয়ার দুই তারকা ফুটবলার রাদামেল ফ্যালকাও ও জেমস রদ্রিগেজ কোকেন নেওয়ার ভঙ্গিতে মাঠে পড়ে আছেন। আর তাঁদের সামনে কোকেন ছিটিয়ে দিচ্ছেন রেফারি। ছবির নিচে ডাচ অভিনেত্রী ক্যাপশন লিখেছেন, ‘কলম্বিয়ান দেয়াল’।
ইউনিসেফের মতো প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করা একজন তারকার এমন রসিকতায় অনেকেই অবাক হয়েছেন। সামাজিক গণমাধ্যমে এমন ছবি পোস্টের জন্য ইতিমধ্যেই তীব্র নিন্দা জানিয়েছে ইউনিসেফের কলম্বিয়া অফিস। ডাচ অভিনেত্রীর এমন আচরণ শালীনতার সীমা লঙ্ঘন করেছে বলেই মনে করছেন জাতিসংঘের দূত মারিয়া এমা মেজিয়া।
টুইটারে পোস্ট করার ঘণ্টা দুয়েক পরেই অবশ্য ছবিটা সরিয়ে ফেলেছিলেন ফন ড্যাম। পরে কলম্বিয়ার জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন।
তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ইউনিসেফের শুভেচ্ছাদূতের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। কিন্তু কলম্বিয়ানদের ক্ষোভ যেন কমছে না।
যে ফুটবলারদের দিকে তাকিয়ে তারা অনেক দুঃখ ভুলে থাকছে, আনন্দে মেতে উঠছে; ভয়াবহ রসিকতাটা যে তাদের নিয়েই করা। এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কলম্বিয়া। সূত্র: এএফপি।