ফ্যালকাওয়ের অস্বীকার
এএস আর লেকিপের মতো পত্রিকা খবরটা দিয়েছিল বলেই নড়েচড়ে বসতে হয়েছিল। স্প্যানিশ আর ফরাসি দুই ক্রীড়া দৈনিক একরকম ‘নিশ্চিত’ সূত্র থেকে পাওয়া খবরে বলেছিল রাদামেল ফ্যালকাও স্পেন ছেড়ে ফ্রান্সে আসছেন। এই মৌসুমে ফ্রান্সের শীর্ষ লিগে ফেরা মোনাকো নাকি কিনে নিচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকারকে। তবে খবরটিকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন অনেক ক্লাবেরই নজরে থাকা এই কলম্বিয়ান। প্রাক-চুক্তি সমঝোতা হয়ে গেছে বলে যে খবর রটেছে, সে সম্পর্কে ফ্যালকাওয়ের বক্তব্য, ‘আমি এ সম্পর্কে কিছুই জানি না। গত কয়েক সপ্তাহে আমার ভাবনায় শুধু একটা বিষয়ই ছিল—অ্যাটলেটিকো মাদ্রিদ।’
ইউরোপে ফরাসি পতাকা ওড়াতে দেশটির ফুটবলে এক ধরনের রেনেসাঁ হয়ে গেছে। ফরাসি ফুটবল টানছে বিশ্বের নামজাদা ধনকুবেরদের। পেট্রোডলার ঢেলে প্যারিস সেন্ট-জার্মেইকে (পিএসজি) বদলে দিয়েছেন এক কাতারি মালিক। মোনাকোতে বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন রুশ ধনকুবের দিমিত্রি রাইবলোভলেভ। ফলে অ্যাটলেটিকোর ইচ্ছার বিরুদ্ধে ফ্যালকাওকে কিনতে হলে চুক্তিভঙ্গ বাবদ যে ৬ কোটি ইউরো গুনতে হবে, সেটিও নাকি পরিশোধে প্রস্তুত মোনাকো। তবে এই মৌসুমে ৩৮ ম্যাচে ৩৩ গোল করা ফ্যালকাওয়ের বক্তব্য, ‘যা ছাপা হয়েছে সেসব যদি বিশ্বাস করেন, তাহলে আমি এরই মধ্যে ইউরোপের আধডজন ক্লাবে সই করে ফেলেছি।’ এএফপি।