ফ্যালকাওয়ে চোখ রিয়ালের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আর অ্যাটলেটিকো মাদ্রিদ বুঝি কিছুতেই আটকে রাখতে পারল না তাদের সোনার ডিম পারা হাঁসটিকে। গত ম্যাচে আরেকটু হলে ডাবল হ্যাটট্রিক করেই ফেলেছিলেন। শেষে ৫ গোলে থেমেছেন রাদামেল ফ্যালকাও। তাঁর এমন পারফরম্যান্স, দুই মৌসুম ধরেই গোলের পর গোল করে যাওয়ায় স্বাভাবিকভাবেই কলম্বিয়ান স্ট্রাইকারের ওপর চোখ আছে ইউরোপের বড় ক্লাবগুলোর। শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদও নাকি আগ্রহী হয়ে উঠেছে। অন্য কোনো ক্লাব ছিনতাই করার আগে প্রতিবেশী দল থেকে রিয়ালই কিনে নিতে চায় ফ্যালকাওকে।এর মধ্যে ফ্যালকাওকে নিয়ে একটা ‘কৌতুক’ও করেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। পরশু মাদ্রিদের এক অনুষ্ঠানে পেরেজ, রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াস আর ফ্যালকাও এক টেবিলে বসেছিলেন। এ সময় পেরেজ ক্যাসিয়াসকে বলেন, ‘আমি একটা রুমাল চেয়ে নিচ্ছি। এটা ফ্যালকাওকে দিয়ো।’ ২০০০ সালে মোনাকোর এমনই এক অনুষ্ঠানে পেরেজ তখনকার জুভেন্টাস তারকা জিদানকেও রুমালের মধ্যে লিখে প্রস্তাব দিয়েছিলেন, ‘রিয়ালের হয়ে খেলবে?’ জানা কথাই, এর পরের বছরেই জিদান চলে এসেছিলেন রিয়ালে। পেরেজ সেই একই কৌতুক করেছেন পরশু। এ সময় ক্যাসিয়াসও হাসতে হাসতে বলেন, ‘সাবধানে বলুন। টিভি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যাচ্ছে!’ এটা শুধুই কৌতুক কি না, সেটা আগামী মাসেই পরিষ্কার হয়ে যেতে পারে। শীতকালীন দলবদলের বাজারে ফ্যালকাওকে কিনতে চেলসি-পিএসজির মতো ক্লাবগুলো ঝাঁপিয়ে পড়বে। একসময় বিস্তর টাকা ঢেলে তারকাদের দলে টানা রিয়াল চুপ করে বসে দেখবে, নাকি পাল্লা দেবে চেলসি-পিএসজির সঙ্গে, সেটাই এখন দেখার। রয়টার্স।