ফ্যালকাওয়ের অমলিন স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর অভাব সহজেই পূরণ করতে পারবে না অ্যাটলেটিকো মাদ্রিদ। গত দুই মৌসুমে তাদের যত সাফল্য তাতে সবচেয়ে বড় অবদান তো রাদামেল ফ্যালকাওয়েরই। তাঁর মোনাকোতে চলে যাওয়ার খবরে ক্লাব সমর্থকেরা তাই বিষণ্ন। ভিসেন্তে ক্যালদেরনের সঙ্গে সম্পর্কটা চুকিয়ে ফেলতে গিয়ে আপ্লুত ফ্যালকাও নিজেও। অ্যাটলেটিকোর ওয়েবসাইটে দেওয়া বিদায়ী সাক্ষাৎকারে ফ্যালকাও জানালেন, এখন পর্যন্ত ক্যারিয়ারের সুবর্ণ সময়টা কাটিয়েছেন ভিসেন্তে ক্যালদেরনেই। যেখানেই যান এ স্মৃতি তাঁর সঙ্গে থাকবে।অ্যাটলেটিকো মাদ্রিদে মাত্র দুটি মৌসুম কাটিয়েছেন ফ্যালকাও। কিন্তু এরই মধ্যে ক্লাবকে জিতিয়েছেন ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ আর কোপা দেল রে। অ্যাটলেটিকোর হয়ে গত দুই মৌসুমে ৯০ ম্যাচে ৭০ গোল করা ফ্যালকাও বলেছেন, ‘এই দুই মৌসুমে ক্লাবের যা অর্জন তার সবকিছু আমার কাছে স্বপ্নের মতো এবং এর কোনো কিছুই আমার পক্ষে ভোলা সম্ভব নয়।’ ফ্যালকাও এবং তাঁর অবদানকে হয়তো ভুলবেন না অ্যাটলেটিকোর সমর্থকেরাও। বিশেষ করে এ বছর কোপা দেল রের ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জয়ের স্মৃতিটা সমর্থকদের অনেক দিন মনে থাকবে বলেই বিশ্বাস ফ্যালকাওয়ের, ‘এটা এমন একটা অর্জন যা অ্যাটলেটিকোর কোনো সমর্থকই কখনো ভুলতে পারবে না। প্রজন্মের পর প্রজন্ম তারা এটা মনে রাখবে।’ফ্যালকাওয়ের মতো একক নৈপুণ্য দেখিয়ে আলাদাভাবে নজর কাড়তে না পারলেও রিয়াল মাদ্রিদে দীর্ঘ সাত বছর কাটিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। অর্জনও একেবারে কম নয়। পরশু রাতে ওসাসুনার বিপক্ষে মৌসুমের শেষ লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে নিজের ১২১তম গোল করেছেন তিনি। আর ম্যাচ শেষেই জানিয়ে দিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুতে এটাই তাঁর শেষ মৌসুম। এরই মধ্যে নাকি কর্মকর্তাদের কাছে ক্লাব ছাড়ার ইচ্ছের কথাও জানিয়ে দিয়েছেন। পরবর্তী গন্তব্য কোথায় সেটা নিশ্চিত নয় এখনো। যদিও গুঞ্জন শোনা যাচ্ছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে কথাবার্তাও নাকি অনেক দূর এগিয়ে রেখেছেন হিগুয়েইন! এএফপি।