জার্ড মুলারের ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন। তার পরও কিন্তু মেসি একাই নন, তাঁর সঙ্গে পরশু আলোচনায় ছিলেন রাদামেল ফ্যালকাও। মেসির এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৮৬ গোলের নতুন রেকর্ড গড়ার দিনে কলম্বিয়ান স্ট্রাইকার একাই করেছেন ৫ গোল। আর তাতে তাঁর দল অ্যাটলেটিকো মাদ্রিদও দেপোর্তিভো লা করুনিয়াকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। অ্যাটলেটিকোর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তো বটেই, স্প্যানিশ লিগেই গত এক দশকে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল করার কীর্তি গড়লেন ফ্যালকাও। দিয়েগো কস্তা ও ফ্যালকাওয়ের দুই গোল প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে দেয় অ্যাটলেটিকোকে। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৬ বছর বয়সী স্ট্রাইকার। এরপর ৬৭ ও ৭১ মিনিটে আরও দুটি গোল করে ফ্যালকাও ঢুকে পড়েন ক্লাবের ইতিহাসে। স্প্যানিশ লিগে এর আগে সর্বশেষ এক ম্যাচে ৫ গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের ফার্নান্দো মরিয়েন্তেস, ২০০২ সালে ইউডি লাস পালমাসের বিপক্ষে। এই জয়ে ১৫ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট হলো ৩৭, সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪৩।ম্যাচ শেষে ফ্যালকাওয়ের কণ্ঠে ছিল উচ্ছ্বাস, ‘এটা ছিল অবিস্মরণীয় এক সন্ধ্যা। আমি এতগুলো গোল আশা করিনি। কিন্তু আমার দল অবশ্যই উজ্জীবিত হয়ে খেলেছে। একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচ গোল করাটা ছিল অসাধারণ ব্যাপার এবং ক্লাব ইতিহাসের অন্তর্ভুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।’ এএফপি।