ফ্যালকাওয়ের চোখ চ্যাম্পিয়নস লিগে
২০১০-১১ মৌসুমে পোর্তোর ট্রেবল জয়ে সবচেয়ে বড় অবদান ছিল রাদামেল ফ্যালকাওয়ের। এই ‘তারকাখ্যাতি’ নিয়েই পরের মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন কলম্বিয়ান স্ট্রাইকার। স্পেনের ক্লাবটিতেও প্রথম মৌসুমটি কাটিয়েছেন দারুণ। ৫০ ম্যাচে করেছেন ৩৭ গোল। ক্লাবকে জিতিয়েছেন ইউরোপা লিগ। কিন্তু তাঁর সেই কীর্তি ঢাকা পড়ে যায় লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায়। বার্সেলোনার হয়ে গত মৌসুমে মেসি গোল করেছেন ৭৩টি, রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো ৬০টি।৭৩ আর ৬০ গোলের দুই মালিকের সঙ্গে ৩৭ গোলের তুলনা চলে? ফ্যালকাও নিজেই বলছেন, মেসি-রোনালদো তাঁর চেয়ে ভালো। ২৬ বছর বয়সী স্ট্রাইকার বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের সঙ্গে একই লিগে খেলতে পেরেও খুশি। মেসি-রোনালদোর সঙ্গে খেলাটা উপভোগও করেন, ‘নিশ্চিতভাবেই মেসি ও রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়। তারা দুজনই অবিশ্বাস্য। এই দুই প্রতিভাবানের সমসাময়িক খেলোয়াড় হতে পেরে আমি খুবই খুশি, মাঠে তাদের সঙ্গে খেলাটা উপভোগ করি।’গত মৌসুমে অল্পের জন্য চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে ব্যর্থ হয়েছে তাঁর দল। পোর্তোর পর অ্যাটলেটিকোকেও ইউরোপা লিগ জেতানো ফ্যালকাও বলছেন, ‘আমরা চেষ্টা করব চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে এবং পয়েন্ট তালিকার ওপরের দিকে থাকতে। আমি নিজেকে এই মানদণ্ড বেঁধে দিচ্ছি না যে, আমি চ্যাম্পিয়নস লিগে খেলবই। কিন্তু আমি সত্যিই তা খেলতে চাই।’ ওয়েবসাইট।