ফ্যালকাওয়ের জন্য আশা
গত জানুয়ারিতে ভয়াবহ চোট পেয়েছিলেন হাঁটুতে। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল রাদামেল ফ্যালকাওয়ের। শুরুতে তো মনে হচ্ছিল বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে মোনাকোর কলম্বিয়ান স্ট্রাইকারের। ফ্যালকাও অবশ্য বিশ্বকাপে খেলার আশা ছাড়েননি, জানিয়েছিলেন ক্ষীণ হলেও বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে। এবার আশার বাণী শোনালেন ফ্যালকাওয়ের শল্যবিদ হোসে কার্লোস নোরোনহাও।
পোর্তোর এক হাসপাতালে নোরোনহাই অস্ত্রোপচার করেছিলেন ফ্যালকাওয়ের হাঁটুতে। নোরোনহা কিন্তু ফ্যালকাওকে পুরো বিশ্বকাপ খেলার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না, ‘আমার মনে হয় সে বিশ্বকাপে যেতে পারবে। কিন্তু প্রতিযোগিতার শুরুর দিকে সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য শতভাগ ফিট সে থাকবে না।’ বিশ্বকাপের এখনো ৫৩ দিন বাকি। ফ্যালকাও এবং কলম্বিয়ানরা আশায় তো বুক বাঁধতেই পারেন! নোরোনহার আরেকজন বিখ্যাত রোগী ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি ঊরুর চোটে মাঠের বাইরে যাওয়া রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ডও নোরোনহোর চিকিৎসাধীন। এএফপি।