ফ্যালকাওয়ের স্বপ্নজুড়ে ‘বিশ্বকাপ’
বাতাসে জোর গুঞ্জন, রাদামেল ফ্যালকাও আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন। কিন্তু ফ্যালকাও তা স্বীকার করতে চান না। আপাতত ‘২০১৪ বিশ্বকাপের তারকা’ হওয়াই যে তাঁর মূল লক্ষ্য, সেটা স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন তিনি।স্প্যানিশ লা লিগায় গোল করার ক্ষমতার কারণে ইতিমধ্যেই নজর কেড়েছেন কলম্বিয়ার এই তারকা। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলা ফ্যালকাওকে নাকি দলে ভেড়াতে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ম্যানচেস্টার সিটি মরিয়া। তাঁর প্রতি আগ্রহী রিয়াল মাদ্রিদও। আপাতত চেলসি ও ম্যানচেস্টার সিটিকে ছাপিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডই তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচিত। তবে রাদামেল ফ্যালকাও নাকি বিষয়টি সম্পর্কে তেমন কিছুই জানেন না।‘আমি এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে ভাবছি। আমার ভাবনায় আছে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপও। ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে নিতে চাইছে কি না, সেটা আমি সত্যিই জানি না।’ বলেছেন ফ্যালকাও।খবরে প্রকাশ, ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যালকাওকে যে প্রক্রিয়ায় নিতে চায়, সেই প্রক্রিয়াই নাকি পছন্দ নয় ফ্যালকাও ও তাঁর এজেন্টের। গত দুই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ফ্যালকাও চান, তিনি বড় প্রস্তাব হাতে নিয়েই ইংল্যান্ডের মাটিতে পা রাখবেন।ফ্যালকাওয়ের স্বপ্নের একটি বড় অংশজুড়ে এই মুহূর্তে আছে বিশ্বকাপ। তাঁর দেশ কলম্বিয়ার হয়ে তিনি বিশ্বকাপের মঞ্চে ঝড় তুলতে চান। বিশ্ব পর্যায়ে ভালো খেলে তারকা হওয়ার স্বপ্নই তাঁকে উজ্জীবিত করে রেখেছে এখন। লাতিন অঞ্চলের বাছাইপর্বে বেশ ভালো অবস্থানেই আছে কলম্বিয়া। পেরু ও আর্জেন্টিনার বিপক্ষে পরের দুটো ম্যাচ কলম্বিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপাতত অন্য সব চিন্তা বাদ দিয়ে এই দুটো ম্যাচ নিয়েই ভাবতে চান ফ্যালকাও।ফ্যালকাও বলেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপের মঞ্চে ভালো খেলা। ওই স্বপ্নের পথে আমি বেশ ভালোমতোই আছি। পেরু ও আর্জেন্টিনার বিপক্ষে পরের দুটো ম্যাচে কলম্বিয়াকে ভালো খলতে সহায়তা করতে হবে। এই দুই ম্যাচই ঠিক করে দেবে আমার স্বপ্নের গতি-প্রকৃতি।’ ওয়েবসাইট।