ফ্যালকাওয়ের ‘ডাবল’
পোর্তো ছেড়ে কিনা অ্যাটলেটিকো মাদ্রিদ! এর চেয়ে পোর্তোয় থেকে যাওয়াই তো ভালো। রাদামেল ফ্যালকাওয়ের ঠিকানাবদল পছন্দ হয়নি অনেকের। গতবার ইউরোপা লিগে রেকর্ড ১৭ গোল করেছিলেন। ধারণা করা হয়েছিল, বড় ক্লাবেই হবে তাঁর পরবর্তী ঠিকানা। আন্দ্রে ভিলাস-বোয়াস তো ঠিকই খুঁজে নিলেন চেলসিকে। কিন্তু না, অনেকের ভ্রু কুঁচকে দিয়ে কলম্বিয়ান স্ট্রাইকার পাড়ি জমালেন মাদ্রিদে। তখন যেসব নিন্দুক প্রশ্ন তুলেছিল, এখন নিজের কথা নিজেদেরই গিলতে হচ্ছে তাদের! টানা দ্বিতীয়বার ইউরোপা লিগের সর্বোচ্চ গোলদাতাই শুধু হলেন না, ফ্যালকাও টানা দ্বিতীয়বার এই ট্রফি জিতলেন, জেতালেনও। ফাইনালে তাঁরই জোড়া গোল অ্যাটলেটিকো হারিয়েছে স্পেনেরই অ্যাথলেটিক বিলবাওকে।প্রথমার্ধের ৭ আর ৩৪ মিনিটে দুর্দান্ত দুটি গোল করে ম্যাচের ফল যেন ওখানেই শেষ করে দিয়েছিলেন এই মৌসুমে ইউরোপের দ্বিতীয় প্রধান এই টুর্নামেন্টে ১২ এবং সব মিলিয়ে ২৯ ম্যাচে ২৯ গোল করা ফ্যালকাও। ৮৫ মিনিটে কোচ ডিয়েগো সিমিওনের প্রথম মৌসুমটি স্মরণীয় করে রাখার উপলক্ষ নিশ্চিত করেন আরেক ডিয়েগো। ৩-০ গোলে জিতে মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছে অ্যাটলেটিকো। ২০০৯-১০ মৌসুমেও এই ট্রফি জিতেছিল তারা।পরশু ম্যাচ শেষে ২৬ বছর বয়সী ফ্যালকাও বলেছেন, সংশয়বাদীদের জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। সেই প্রতিজ্ঞা পূরণ করতে পারার তৃপ্তিতেই এখন আচ্ছন্ন তিনি, ‘যখন অ্যাটলেটিকোতে এলাম, অনেকেই বলেছে এটা ছিল ভুল। ভুল যে আসলে তারাই করছে সেটা প্রমাণ করার এটাই ছিল সেরা উপায়।’ ফ্যালকাওয়ের মধ্যে সেই ক্ষুধার্ত বাঘের ছায়া দেখতে পেয়েছিলেন সিমিওনেও, ‘ও সত্যিই দুর্দান্ত খেলোয়াড়। সব সময়ই ও আরও বেশি চায়, ওর লক্ষ্যের কোনো সীমা-পরিসীমা নেই। কখনো কখনো অভিজ্ঞ খেলোয়াড়েরা সেই বাড়তি ক্ষুধাটা হারিয়ে ফেলে, কারণ আগে জিতেছে বলে সেই আকাঙ্ক্ষাটা মরে যায়। কিন্তু ফ্যালকাও তেমন নয়। ও ভুলে গিয়েছিল গত বছর ও কী করেছে। ও বর্তমানের মধ্যেই বাস করতে ভালোবাসে।’টানা দুই মৌসুমে ইউরোপে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ফ্যালকাওকে আটকে রাখা কঠিন হবে কি না, এমন প্রশ্নের জবাবে সিমিওনে বলেছেন, তাঁর পায়ে শেকল পরাবে না অ্যাটলেটিকো, ‘আশা করব, ও আমাদের সঙ্গেই থেকে যাবে। তবে যেটা ওর জন্য ভালো হবে, সেটা হলেই আমি খুশি।’শুধু দুই স্প্যানিশ দলেরই নয়, পরশু বুখারেস্টের ফাইনালটি ছিল দুই আর্জেন্টাইন কোচের। দুই গুরু-শিষ্যেরও। মার্সেলো বিয়েলসাকে টেক্কা দিয়েছেন সিমিওনে। এই জয় তাই সিমিওনের জন্য অন্য রকম তাৎপর্যের। অ্যাটলেটিকোর হয়ে খেলোয়াড় হিসেবে ১৯৯৬ সালে লিগ আর কাপের ‘ডাবল’ জিতেছিলেন। নিজের পুরোনো ক্লাবকে এবার কোচের ভূমিকাতেও কিছু দিতে পারার তৃপ্তিও সঙ্গী হলো তাঁর। গত ডিসেম্বরে দলে আসার পর থেকে অ্যাটলেটিকোর খোলনলচে পাল্টে দেওয়া সিমিওনে আরও বলছেন, এ তো কেবলই শুরু! এএফপি, রয়টার্স।