ফ্যাশনের শারাপোভা
আনা কুর্নিকোভা আর মারিয়া শারাপোভা। টেনিস জগতের দুই গ্ল্যামারাস তারকা। দুজনই রুশ। দুজনই লাখো ভক্তের মন জয় করেছেন লাস্যময়ী চেহারা, ফ্যাশন আর গ্ল্যামার দিয়ে। কিন্তু দুজনের মধ্যে যোজন যোজন ব্যবধান গড়ে উঠেছে কোর্টের পারফরম্যান্সের বিচারে। ১৯৯৫ থেকে ২০০৭ পর্যন্ত ১২ বছরের ক্যারিয়ারে বড় কোনো শিরোপাই হাতে তুলতে পারেননি কুর্নিকোভা। কিন্তু ২০০১ সালে পেশাদার টেনিস ক্যারিয়ার শুরুর পর ইতিমধ্যে সব কয়টি গ্র্যান্ড স্লাম জয়েরই স্বাদ পেয়েছেন শারাপোভা। টেনিসের পাশাপাশি ফ্যাশন-গ্ল্যামারের জগতেও যে তিনি সাবেককে পেছনে ফেলবেন, তেমন ইঙ্গিতই দিচ্ছে তাঁর সাম্প্রতিক পরিকল্পনা।টেনিস খেলাটা আর কত দিন চালিয়ে যাবেন, সে ব্যাপারে হয়তো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা করে উঠতে পারেননি শারাপোভা। তবে এর বাইরে ফ্যাশনের জগতে বেশ সম্ভাবনাময় একটা ক্যারিয়ার গড়ার দৃঢ় পরিকল্পনা করেছেন এই রুশ তারকা। টেনিস কোর্টে যে আকর্ষণীয় পোশাকগুলোতে শারাপোভাকে দেখা যায়, সেগুলোও তিনি তৈরি করেন অনেক ভাবনা-চিন্তা করে। যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্যাশন হাউস কোল হানের জন্য ব্যাগ, জুতার ডিজাইনও করেছেন। তবে এখন শুধু এটুকুতেই মন ভরছে না শারাপোভার। এবার পুরোদমেই পা রাখতে যাচ্ছেন ফ্যাশনের জগতে।এ বছরই শারাপোভা নিজের বাণিজ্যিক ক্যারিয়ার শুরু করেছেন চকলেট দিয়ে। নাম দিয়েছেন সুগারপোভা। সেখানেও পাওয়া গেছে তাঁর সৃজনশীলতার পরিচয়। ব্যাগ, চশমা, হাইহিল, টেনিস বলসহ বেশ কয়েকটি স্টাইলে পাওয়া যাচ্ছে শারাপোভার চকলেটগুলো। তবে এটা কেবলই শুরু। লাস্যময়ী এই তারকার মূল পরিকল্পনা পোশাক ডিজাইনকে ঘিরেই। দ্রুতই তিনি প্রভাব বিস্তার করতে যাচ্ছেন কসমেটিকস আর ফ্যাশনের বাজারে। নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আমি সত্যিই এটার প্রসার ঘটাতে চাই। আমি এ রকমটাই করতে চাই কসমেটিকস আর ফ্যাশন নিয়ে। এই দিকটায় আমার আগ্রহটা বরাবরই ছিল। ফলে আমি এটা খুব উপভোগই করব।’হঠাত্ করে ফ্যাশনের এই পোকাটা শারাপোভার মাথায় ঢুকে গেছে, ব্যাপারটা মোটেও এমন নয়। খুব ছোটবেলা থেকেই এই জগতের সৃজনশীল প্রান্তটি তাঁকে আকর্ষণ করেছে। ২০১২ সালে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাত্কারে শারাপোভা বলেছিলেন, ‘ছোটবেলা থেকেই ফ্যাশন দিয়ে শৈল্পিকভাবে কোনো কিছু প্রকাশ করার ব্যাপারটা আমাকে অনুপ্রাণিত করেছে। এটা কারও সঙ্গে যোগাযোগেরও একটা ভালো মাধ্যম।’ ফ্যাশন নিয়ে শারাপোভার আগ্রহের অন্য আরেকটি কারণও পাওয়া গেল সাম্প্রতিক এক সাক্ষাত্কারে। জানা গেল, নিয়ম-কানুনের বেড়াজালটা খুব একটা পছন্দ না মারিয়া শারাপোভার। কিন্তু টেনিস কোর্টে তো কিছু নিয়মকানুন মেনে চলতেই হয়। তাই টেনিসের বাইরে ফ্যাশন জগত্টাই বেশি ভালোবাসেন এই রুশ তারকা। তাঁর ভাষায়, ‘এখানে ব্যক্তিস্বাতন্ত্র্য আছে। এ কারণেই আমি এটা পছন্দ করি। এখানে অনেক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে। মানুষ তাদের নিজস্ব স্টাইল আর ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে পারে পোশাকের মাধ্যমে। আমি ফ্যাশনটা পছন্দ করি, কারণ এখানে কোনো নিয়মকানুন নেই। এ জন্যই ব্যাপারটা খুব উপভোগ্য হয়ে ওঠে।’শারাপোভার ডিজাইন করা টেনিস-সামগ্রীগুলো ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে উদীয়মান খেলোয়াড়দের মধ্যে। সোফিয়া আরভিডসন, কাই চেন চ্যাং, ইনডি ডে ভরমে, আন্দ্রেয়া হাভাকোভা, আনাস্তাসিয়া পিভোভারোভাদের কোর্টে নামতে দেখা গেছে শারাপোভার ডিজাইন করা পোশাক পরে। টেনিস-সামগ্রীর বিক্রয়কেন্দ্র টেনিস ওয়্যারহাউসের সভাপতিও জানিয়েছেন ফ্যাশন ডিজাইনার শারাপোভার সম্ভাবনার কথা, ‘মারিয়ার ফ্যাশনের বোধ সত্যিই অসাধারণ। তাঁর ডিজাইন করা পোশাকগুলোর বিক্রির পরিসংখ্যানেই সেটা স্পষ্ট ফুটে ওঠে।’ সফল হওয়ার পথে তো তাহলে অনেকখানি এগিয়েই গেছেন শারাপোভা। এখন লেগে থাকতে পারলে হয়তো ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনার হিসেবেও চেনা যাবে শারাপোভাকে।