ফ্রাঙ্কলিনের দুঃস্মৃতি ভোলার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকে পদকের প্রথম দিনে দলীয় ইভেন্ট ৪–১০০ মিটার রিলেতে দলকে সোনা এনে দিতে পারেননি। নিজের ল্যাপে সেরা সময় করলেও সতীর্থদের কারণে পেয়েছেন ব্রোঞ্জ। তবে ব্যক্তিগত ইভেন্টে নেমেই সোনা জিতে নিয়েছেন মিসি ফ্রাঙ্কলিন। পরশু তৃতীয় দিনে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে যুক্তরাষ্ট্রের মেয়ে সোনা জিতেছেন ৫৮.৩৩ সেকেন্ড সময় নিয়ে। সেটাও ২০০ মিটার ফ্রি-স্টাইলের সেমিফাইনালে সাঁতরানোর মাত্রই ১৩ মিনিট পর পুলে নেমে!আর ক্যারিয়ারের প্রথম অলিম্পিক সোনাটা তিনি উৎসর্গ করেছেন ডেনভারের শোকাহত মানুষকে। কয়েক দিন আগেই কলোরাডোর ডেনভারের এক নাট্যশালায় হামলা চালিয়ে জেমস হোপস নামের এক সন্ত্রাসী ১২ জনকে হত্যা করে। আহত হয় ৫৮ জন। একই শহরের মানুষ বলে ডেনভারের মানুষের এই দুঃস্মৃতি মিসি ফ্রাঙ্কলিনকেও নাড়িয়ে দেয়। তাই প্রতিশ্রুতি দিয়েছিলেন, লন্ডনে বেশি বেশি সোনা জিতে সেই দুঃস্মৃতি ভুলিয়ে ডেনভারের মানুষের মুখে হাসি ফোটাবেন। পরশুর সাফল্যে শুরু হলো ফ্রাঙ্কলিনের প্রতিশ্রুতি রক্ষার লড়াইও। লড়াইটা তাঁর ইতিহাসে জায়গা করে নেওয়ারও।যুক্তরাষ্ট্রের ১৭ বছর বয়সী তরুণী অন্য একটা ইতিহাসও গড়ছেন এবার। ক্যারিয়ারের প্রথম অলিম্পিকেই যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা সাঁতারু হিসেবে অংশ নিচ্ছেন সাতটি ইভেন্টে।পরশু সাঁতারে যুক্তরাষ্ট্রকে সোনা উপহার দিয়েছেন ম্যাট গ্রেভার্সও। ২৭ বছর বয়সী সাঁতারুও সোনা জিতেছেন পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে। সোনা জয়ের পথে গড়েছেন অলিম্পিক রেকর্ড, সময় নিয়েছেন ৫২.৯৭ সেকেন্ড। এএফপি, রয়টার্স