ফ্রান্স-ইতালির অন্য প্রেরণা
প্রায় দুই মাস পর আজ আবার শুরু হচ্ছে ২০১২ পোল্যান্ড-ইউক্রেন ইউরো চ্যাম্পিয়নশিপের টিকিট পাওয়ার লড়াই।ইউরোপে আজ বাছাইপর্বের ১১টি ম্যাচ। তবে মাঠে নামছে না বর্তমান ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং বিশ্বকাপের ফাইনালিস্ট হল্যান্ড। উত্তেজনার কমতি নেই তাতেও। কারণ গত বিশ্বকাপে ব্যর্থ ফ্রান্স ও ইতালির ম্যাচ আছে আজ। বেলারুশের বিপক্ষে ফ্রান্স ও এস্তোনিয়ার বিপক্ষে ইতালির ম্যাচ দুটির গুরুত্ব একটু বেশি অন্য কারণে।দুটি দেশই বিশ্ব ফুটবলে এ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুটি নেতিবাচক কারণে। ফ্রান্স পেরিয়ে এসেছে কোটা-বিতর্ক। ইতালিতে বইছে ম্যাচ পাতানো কেলেঙ্কারির ঝড়। ভালো ফল করে এই বিতর্ক-কলঙ্ক উড়িয়ে দিতে চাইবে দল দুটি। এস্তোনিয়ার বিপক্ষে ইতালি কখনোই হারেনি। তবে গত সেপ্টেম্বরে ‘পুঁচকে’ এস্তোনিয়া বাছাইপর্বে প্রথমে এগিয়ে গিয়ে ভড়কে দিয়েছিল ইতালিকে। পরে অবশ্য ২-১ গোলে হেরেছে তারা। এবার এটাও হতে দিতে চায় না ইতালি। কিন্তু ঘরোয়া ফুটবলের ম্যাচ পাতানোর ঝড় কি একটুও এসে ঝাপটা দেবে না ইতালির খেলোয়াড়দের মনে? ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনির কথা, ‘খবরটা শুনে খারাপ লেগেছে। তবে আমরা এই ম্যাচটি নিয়েই ভাবছি।’ফ্রান্স ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে পাঁচ ম্যাচের চারটিতে জিতে। কিন্তু একমাত্র পরাজয়টি তাদের এই বেলারুশের কাছে, তাও প্যারিসের মাঠে। আজ বেলারুশের ডায়নামো স্টেডিয়ামে সেই হারের শোধ তুলতে চায় লরাঁ ব্লাঁর দল। গত বিশ্বকাপ বিপর্যয়ের পর ডমেনেখের হাত থেকে ফ্রান্স দলের দায়িত্ব উঠেছে ব্লাঁর কাঁধে, বারবার একটা কথাই নতুন কোচ মনে করিয়ে দিচ্ছেন খেলোয়াড়দের, ‘প্যারিসে বেলারুশের সঙ্গে কিন্তু আমরা ভালো খেলিনি।’ খেলোয়াড় কোটা-বিতর্কটা ব্লাঁর জন্য হতে পারে একটা অনুপ্রেরণা। ওই বিতর্কে ভালোভাবেই নাম জড়িয়ে গিয়েছিল ব্লাঁর, অভ্যন্তরীণ তদন্তে যা থেকে পরে মুক্ত হয়েছেন তিনি। এএফপি।