ফ্রান্স দলে বিভেদের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের সঙ্গে ড্র করে শুরুটা মন্দ হয়নি, এরপর ইউক্রেনকে দারুণ খেলে হারিয়ে রীতিমতো উড়ছিল ফ্রান্স। কিন্তু একটা হারেই সব এলোমেলো হয়ে গেল, লঁরা ব্লাঁর সুখের সংসারে এখন নাকি বিভেদের সুর! এমনও জানা গেছে, সুইডেনের কাছে হারার পর খেলোয়াড়েরা ড্রেসিং রুমে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। ফরাসী পত্রিকা লে’কিপের সূত্রমতে, মধ্যমাঠে রক্ষণকাজটা ঠিকঠাক হয়নি, এটা নিয়েই বিরোধে জড়িয়ে পড়েন নাসরি ও দিয়ারা। অবশ্য ফ্রান্সের সহকারী কোচ অ্যালান বোঘোসিঁয়ে এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন। বলছেন যেটা হয়েছে সেটা ছিল ম্যাচ হারার পর স্রেফ একটা ‘হতাশাজনিত’ প্রতিক্রিয়া। মনে হচ্ছে, টানা ২৩ ম্যাচ অপরাজিত ছিল ফ্রান্স, সেই ধারায় ছেদ পড়ায় দলের মনোবল স্পষ্টই চোটগ্রস্ত। স্ট্রাইকার অলিভিয়ের জিরু সেটা একরকম স্বীকারই করে নিয়েছেন, ‘যখন আপনি জিতবেন, সুখী থাকবেন এটাই স্বাভাবিক। আর হেরে গেলে আপনার মেজাজটাও চড়বে। আমাদেরও এমন হয়েছিল, এখন অবশ্য সব শান্ত হয়ে এসেছে।’ নিজেদের সেরাটা ঢেলে না দিতে পারাটাই সুইডেনের কাছে হারের কারণ মনে করছেন এই ফরাসি স্ট্রাইকার। তাঁর মতে, দলটি তরুণতর বলেও এটা হতে পারে, ‘নিজেদের মধ্যে কথা তো হবেই, সেটা গঠনমূলকও হতে পারে। এটার অর্থ এই, আমাদের মধ্যে যোগাযোগটা আছে। স্পেনের বিপক্ষেও এমনটা হতে পারে, সেটা খারাপ কিছু না হলেই হলো।’ ফ্রান্স রক্ষণের অন্যতম কান্ডারি ফিলিপ মেক্সেস নিষেধাজ্ঞার খড়্গে পরের ম্যাচটা খেলতে পারবেন না, তাঁর জায়গা নেবেন আর্সেনালের লঁরা কসিয়েলনি। ফ্রান্স দলে অন্তঃকলহের বিষয়টা তিনি একরকম এড়িয়েই গেছেন, ‘ড্রেসিং রুমে কিছু একটা বলেছিলাম আমরা, কিন্তু যা বলার সেটা বলা হয়ে গেছে, আমরা সেটা নিজেদের মধ্যেই রাখতে চাই। ম্যাচটা (সুইডেনের বিপক্ষে) অনেক কঠিন ছিল, কিন্তু শেষ আটে ওঠাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ কসিয়েলনি দল হিসেবে নিজেদের যূথবদ্ধতাকেই গুরুত্ব দিচ্ছেন বেশি। এদিকে হাতেম বেন আরফাকে সুইডেনের ম্যাচে বিরতির পর নামিয়ে দেওয়ায় তাঁর উষ্মাটা অনেকেরই চোখে পড়েছে। ড্রেসিং রুমে মুঠোফোনে কথা বলার সময় তাঁকে নাকি ভর্ৎসনা করেছিলেন কোচ লঁরা ব্লাঁ। তাই ক্ষিপ্ত বেন আরফা কোচকে বলেছিলেন তাঁকে দেশে ফেরত পাঠাতে। ২০১০ বিশ্বকাপেও নিকোলাস আনেলকা কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে দেশে ফিরে গিয়েছিলেন, বেন আরফাও কি সেই পথে হাঁটবেন? এমনিতেই পরাজয়ে একটু এলোমেলো, তার ওপর একের পর এক বিতর্ক এসে আছড়ে পড়ছে। মাঠে নামার আগেই তো দেল বস্কের মুখে হাসি ফুটে ওঠার কথা! এএফপি।