ফ্রান্স পেল নতুন জিদান!
১৯৯৪ সালের ১৭ আগস্ট। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলা চলছে ফ্রান্সের। ফরাসি দল ২-০ গোলে পিছিয়ে। এমন সময় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেন এক অখ্যাত খেলোয়াড়। নাম তাঁর জিনেদিন জিদান। নেমেই চিনিয়ে দিলেন তাঁর জাত। দুটি গোল করে চেক প্রজাতন্ত্রের হূদয় ভেঙে খান খান করে দিয়ে ফ্রান্সকে সহায়তা করলেন নিজেদের মান বাঁচাতে। সেদিন থেকেই তিনি স্বনামেই পরিচিত। দেশকে এর চার বছর পরেই প্রায় এক প্রচেষ্টায় এনে দিয়েছেন বিশ্বকাপ জয়ের গৌরব। ২০০৬ পর্যন্ত ফ্রান্সের জার্সি গায়ে খেলে সাম্প্রতিক জামানার অন্যতম সেরাই শুধু নয়, সর্বকালের অন্যতম সেরা হিসেবেও নিজের নাম ইতিহাসে খোদাই করে ফেলেছেন এ তারকা।সেই জিদান এখন ফ্রান্সের হয়ে খেলেন না। ফুটবলকে বিদায় জানিয়েছেন, কিন্তু তাঁর দেশ আজও খুঁজে ফেরে তাঁর উপস্থিতি। গত বছরের বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যান্সের পর গোটা ফ্রান্সের ফুটবল যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, ঠিক তখনই মারভিন মার্টিন নামের এক তরুণের মধ্যে দেখা গেল কিছুটা জিদান হয়ে ওঠার দীপ্তি।প্রীতি ম্যাচে মার্টিনের অভিষেকটা স্বপ্নজাগানিয়া। অভিষেকে দুর্দান্ত মিল তাঁর জিদানের সঙ্গে। ইউক্রেনের বিপক্ষে সাইড বেঞ্চ থেকে মাঠে নেমে দুটি গোল করেছেন তিনি। জিদান ফ্রান্সকে ড্র করতে সহায়তা করেছিলেন। মার্টিন জিতিয়েই মাঠ ছেড়েছেন। ফ্রান্স সে ম্যাচে ইউক্রেনকে হারিয়েছে ৪-১ গোলে।জিদানের মতো অভিষেক। তাই বলে মার্টিন কি আসলেই জিদান? মাঠে সেদিন তাঁর উপস্থিতি এর কিছুটা প্রমাণ রেখেছে। তবে সত্যিকারের জিদান হয়ে উঠতে যে তাঁকে অনেকটা পথ পাড়ি দিতে হবে—সেটা জানেন মার্টিন নিজেও।‘আমার শুরুটা ভালোই হয়েছে। দুই গোল করে পরের ম্যাচে প্রথম একাদশটা বোধ হয় নিশ্চিত করতে পেরেছি।’ মার্টিনের মন্তব্য।‘আমি সত্যিই উত্সাহিত বোধ করছি, এই পারফরম্যান্সে। তবে অভিষেকটা জিদানের মতো হলেও আমি জিদানের মতো—এমনটা বলতে পারছি না।’ বলেছেন মার্টিন। তিনি আরও বলেন, ‘আমি মাঠে নেমেছি কোনো প্রকার জড়তা ছাড়াই। আমি সত্যিই খুশি।’ ফ্রান্সের কোচ লরেন্ত ব্লঁ স্বীকার করেছেন মার্টিনের অভিষেকটা জিদানের মতোই। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আপনারা জিদানের সঙ্গে ওঁর তুলনা করে আনন্দ পাচ্ছেন—এটা বুঝতে পারছি। আমিও আশা করি মার্টিনের ক্যারিয়ারটা জিদানের মতোই বর্ণাঢ্য হোক।’ ওয়েবসাইট।