ফ্রান্স শেষ আটে কিন্তু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে ওঠাটা একটা ঘটনাই। যদি ২০০৮-এর ইউরো আর ২০১০-এর বিশ্বকাপের দিকে ফিরে তাকান। দক্ষিণ আফ্রিকায় চরমভাবে ব্যর্থ হওয়ার পর রেমন্ড ডমিনিখের উত্তরসূরি হয়ে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর লরা ব্লঁ পুরো দলের খোল-নলচে পাল্টে দেওয়ার কাজ শুরু করেছিলেন। পরিবর্তনের সেই বন্ধুর পথে হেঁটে অনেক দিন পর ফ্রান্স নিজেদের নামের প্রতি সুবিচার করল। ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটে উঠে সবাইকে জানিয়ে দিল ইউরোপীয় ফুটবলে দলটি আবার শক্তি সঞ্চয় করে উঠে আসছে।এবারের ইউরো শুরুর আগে কোচ লরা ব্লঁ জানিয়েছিলেন, তাঁদের প্রাথমিক লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। লক্ষ্য সে অর্থে পূরণ হয়েছেই বলা চলে। কিন্তু কাল গ্রুপের শেষ ম্যাচে বাদ পড়ে যাওয়া দল সুইডেনের কাছে ২-০ গোলে পরাজয় সেই লক্ষ্য পূরণের যাত্রা একটু হলেও কলঙ্কের ছাপ রেখে গেল।নিজেদের প্রথম দুটি ম্যাচের একটিতে জিতে ও একটি ড্র করে মোটামুটি সুবিধাজনক অবস্থানেই ছিল ফ্রান্স। সুইডেন আগেই দৃশ্যপট থেকে বিদায় নেওয়ায় আর ইউক্রেনের অবস্থানটা ভঙ্গুর হওয়ায় ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল যাত্রা নিয়ে সংশয় ছিল অনেকটাই কম। চাপমুক্ত হয়ে কাল সুইডেনের বিপক্ষে অপরাজিত থাকাটাই ছিল প্রত্যাশিত। কিন্তু সে লক্ষ্যে পুরোপুরিই ব্যর্থ ফরাসিরা। কোয়ার্টার ফাইনালে উঠলেও গ্রুপের শীর্ষ স্থানটি ছেড়ে দিতে হলো ইংল্যান্ডকে। গ্রুপে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে গিয়ে তাদের প্রতিপক্ষ এখন শক্তিশালী স্পেন।সুইডেনের বিপক্ষে কাল ফ্রান্সের খেলা দেখে কখনোই মনে হয়নি যে তারা জয়ের জন্য খেলছে। জয়ের ক্ষুধা বা তাড়না, কোনোটাই ছিল না ফ্রান্সের খেলায়। প্রথমার্ধে ম্যাড়মেড়ে ফুটবল খেলে সুইডেনকে বরং চেপে বসতে দিয়েছেন ফরাসি ফুটবলাররা। ফ্রাঙ্ক রিবেরি ও সামির নাসরির মতো খেলোয়াড়দের নিষ্প্রভতায় সুইডেনকে চ্যালেঞ্জ জানানোর মতো কিছুই করতে পারেনি দলটি।দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে জাতান ইব্রাহিমোভিচের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় সুইডেন। ম্যাচের শেষের দিকে সুইডেনের জয় নিশ্চিত করেন সেবাস্টিয়ান লারসন। এই দুই গোলের পরিষ্কার ব্যবধানে জিতে সুইডিশরা পরের পর্বে খেলতে না পারার দুঃখটাকেই কেবল বাড়িয়েছে। ইউক্রেনের কাছে ২-১ ও ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে শেষ আটের দৌড় থেকে যে আগেই ছিটকে পড়েছিল তারা।ম্যাচে সুইডেনের চেয়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ফরাসিরাই। কিন্তু তাদের খেলায় ছিল না প্রতিপক্ষকে চেপে ধরার মানসিকতা। প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলতে পারার ব্যর্থতার কারণে উল্টো সুইডিশরা চেপে ধরে তাদের। ম্যাচ শেষে কোচ লরা ব্লঁ স্বীকার করেছেন যে সুইডেনের কাছ থেকে এত কঠিন প্রতিরোধ তাঁরা ভাবতেও পারেননি।ম্যাচে শারীরিকভাবেও ফ্রান্সের খেলোয়াড়েরা বারবার ব্যর্থ হয়েছেন সুইডিশদের সঙ্গে। সুইডেন আফসোস করতেই পারে—এত চমত্কার খেলার পরও বিদায় নিতে হচ্ছে দেখে। সত্যিই কাল কোয়ার্টার ফাইনালের জন্য ফ্রান্সের চেয়ে সুইডেনকেই কিন্তু বেশি যোগ্য মনে হচ্ছিল। রয়টার্স।