ফ্রান্স-স্পেনের ম্যাচে মীমাংসা হয়নি
মাদ্রিদের ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়াম উত্সবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। স্পেন তখন এগিয়ে ১-০ গোলে। সার্জিও র্যামোসের ২৬ মিনিটে করা গোলটিই তখন যথেষ্ট মনে হচ্ছিল। কিন্তু খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে অলিভার গিরোড মাথা ছুঁইয়ে ফ্রাঙ্ক রিবেরির এক দারুণ ক্রস গোলে পরিণত করলে ক্যালদেরনের উত্সব যায় থেমে। থেমে যায় টানা ২৪টি আন্তর্জাতিক ম্যাচে জয় পাওয়া স্পেনের এক অনন্য রেকর্ডও। ফ্রান্স ও স্পেনের আলোচিত লড়াই কাল ১-১ গোলে ড্র হওয়ায় বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপীয় অঞ্চলের গ্রুপ-১-এ শীর্ষস্থান দখলে রাখল দুই দল।ম্যাচে অবশ্য কাল ফ্রান্সেরই প্রাধান্য ছিল। যদিও ২৬ মিনিটে সার্জিও র্যামোসের গোল পিছিয়ে দেয় তাদের। র্যামোস গোলটি করেন দুবারের প্রচেষ্টায়। জাভির কর্নার থেকে পাওয়া বলে প্রথমবার তার শট পোস্টে লাগলেও দ্বিতীয়বার তিনি অবশ্য কোনো ভুল করেননি। তবে স্পেনের গোলের জন্য র্যামোস যতটা কৃতিত্ব পাবেন, তার চেয়ে অনেক বেশি দায়ভার থাকছে ফরাসি রক্ষণভাগের।প্রথমার্ধের শেষের দিকে পেনাল্টি থেকে আরও এক গোলে এগিয়ে যেতে পারত স্পেন। তবে সুবর্ণ সেই সুযোগ নষ্ট করেন সেস ফ্যাব্রিগাস। ফরাসি গোলরক্ষক হুগো লরিস দারুণ ক্যারিশমায় ঠেকিয়ে দেন ফ্যাব্রিগাসের শটটি।গত শুক্রবার বেলারুশের বিপক্ষে স্পেন যে একাদশ মাঠে নামিয়েছিল, তার থেকে একটি পরিবর্তন এসেছিল কালকের ম্যাচে। স্যান্তি ক্যাজরলার বদলে মাঠে নেমেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। কিন্তু ম্যাচের ১২ মিনিটের সময় ডেভিড সিলভা চোট পেয়ে মাঠ থেকে উঠে গেলে ক্যাজরলাকে শেষ পর্যন্ত মাঠে নামতেই হয়। ম্যাচের ৪০ মিনিটের মাথায় সমতা আনতে পারত ফ্রান্স। তবে ইয়োহান ক্যাবায়ের পাস থেকে বল পেয়ে করিম বেনজেমা জালে বল ফেললেও জার্মান লাইন্সম্যান তা অফসাইডের অজুহাতে বাতিল করে দেন। তবে টেলিভিশন রিপ্লে অবশ্য বলছিল ভিন্ন কথা। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া ফ্রান্স ঝাঁপিয়ে পড়ে স্পেনের ওপর। ফ্রাঙ্ক রিবেরি ছিলেন সব ফরাসি আক্রমণের মধ্যমণি। করিম বেনজেমা নিজের সবটুকু দিয়েই চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু গোলটিই কেবল পাচ্ছিলেন না। রিবেরির বেশ কয়েকটি শট স্পেন গোলরক্ষক ক্যাসিয়াস ঠেকিয়ে দেন দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে। জয়ের আশা যখন ফরাসি সমর্থকেরা প্রায় ছেড়েই দিয়েছেন, ঠিক তখনই অর্থাত্ ম্যাচের ৯৩ (৯০+৩) মিনিটের মাথায় সেই রিবেরির ক্রসই অসম্ভব দক্ষতার সঙ্গে মাথা ছুঁয়ে গোলে পরিণত করেন আর্সেনাল মিডফিল্ডার অলিভার গিরোড। রয়টার্স।