বেনজেমার জোড়া গোলে ফ্রান্সের জয়ে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনজেমার এ শটের নিস্পত্তি হলো গোললাইন প্রযুক্তির মাধ্যমে। ছবি: রয়টার্স
বেনজেমার এ শটের নিস্পত্তি হলো গোললাইন প্রযুক্তির মাধ্যমে। ছবি: রয়টার্স

দিদেয়ের দেশম আগেই বলেছিলেন, হন্ডুরাসের শরীরনির্ভর ও মারমুখী খেলা নিয়ে তিনি শঙ্কিত। ফ্রান্সের কোচের কথার প্রতিফলন মাঠেই মিলল। দুবার হলুদ কার্ডের ফল হিসেবে লাল কার্ড দেখে ৪৩ মিনিটে মাঠ ছাড়লেন হন্ডুরাসের অন্যতম সেরা তারকা উইলসন পালাসিওয়েস। ফ্রান্সও কম যায়নি। হলুদ কার্ড দেখেছেন তিন ফরাসি। তবুও শেষমেশ ফ্রান্স ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে হন্ডুরাসকে।
ডি-বক্সে পাওলো পগবাকে ফাউল করায় ৪৫ মিনিটে পেনাল্টি পেল ফ্রান্স। করিম বেনজেমার বুলেটগতির শটটি অনায়সেই আশ্রয় পেল হন্ডুরাসের জালে। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৮ মিনিটে অসাধারণ এক ঘটনার জন্ম নিল। ইয়েগান কাবাইয়ের ক্রসে বেনজেমার শটটি প্রথমে পোস্টে লাগল। এরপর হন্ডুরাস গোলরক্ষক নোয়েল ভায়াদারেসের হাতে লেগে অতিক্রম করল গোললাইন। বিষয়টির সমাধানে প্রথমবারের মতো ব্যবহার হলো বহুল আলোচিত গোললাইন প্রযুক্তি। তবে গোলটি বেনজেমার নামে নয়, বিবেচিত হলো ভায়াদারেসের আত্মঘাতী গোল হিসেবেই।
৭২ মিনিটে এক সেটপিসে ম্যাথু ভালবুয়েনা বল দিলেন ম্যাথু দিবুশিকে। দিবুশির শট গেল হন্ডুরাসের রক্ষণভাগের জটলায় থাকা এভরার কাছে। সেখান থেকে বেনজেমার পায়ে। অমনি বুলেটগতির শট—গোল! দ্বিতীয় গোলে অমন কান্ড না ঘটলে এ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি করেই ফেলতেন ফরাসি ফরোয়ার্ড।
আজ দুদল ফাউল করেছে ২৭টি। এরমধ্যে ফ্রান্স ১৩টি, হন্ডুরাস ১৪টি। বলের দখলে ফ্রান্সই এগিয়ে, ৬৩ শতাংশ। বিশ্বকাপে ফ্রান্স গ্রুপ পর্বে সর্বশেষ জয় পেয়েছে সেই ২০০৬ সালে, টোগোর বিপক্ষে। গতবার ছিল ফরাসিদের কাছে বিস্মরণযোগ্য বিশ্বকাপ। এবার শুরুটা হলো দুর্দান্ত। এ গতি ধরে রাখলেই হয়।

ফ্রান্স-হন্ডুরাস লড়াই
ফ্রান্স-হন্ডুরাস লড়াই