ফ্রান্সকে চিনল ইউক্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লরাঁ ব্লাঁ ভয়ই পেয়ে গিয়েছিলেন। ম্যাচটা না আবার পরিত্যক্ত হয়ে যায়! পরশু ইউক্রেনের দানেৎস্কে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় শুরু ভয়ংকর ঝড়-বৃষ্টি। খেলা বন্ধ রইল ঘণ্টা খানেক। ভাগ্যিস, ঝড়টা থেমেছিল, নইলে বহুপ্রত্যাশিত জয়টা পেতে আরও অপেক্ষাই করতে হতো ফরাসিদের। ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে প্রাপ্য জয়টি পেল ব্লাঁর দল। উঠে গেল ‘ডি’ গ্রুপের শীর্ষে। প্রবল বর্ষণের দিনেই ছয় বছরের একটি খরা ঘুচেছে ফ্রান্সের। জেরেমি মেনেজ ও ইয়োহান কাবাইয়ের দুই গোলেই বড় কোনো টুর্নামেন্টে ছয় বছর পর জিতল সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালে পর্তুগালকে হারানোর নয় ম্যাচ পর আবারও জয়ের মুখ দেখল ফ্রান্স। এ জয়টা আবার ইউরোতে প্লাতিনি বা জিদানকে ছাড়া ফ্রান্সের প্রথম জয়। কোচ ব্লাঁর উচ্ছ্বাসটা তাই একটু বেশিই। ম্যাচের পর মজাও করেছেন ১৯৯৮ বিশ্বকাপ জেতা সাবেক এই ডিফেন্ডার, ‘কোনো ম্যাচ জেতার জন্য ছয় বছর বেশ লম্বা সময়। তাই আশা করছি, পরের জয়টা পেতে ছয় বছর লাগবে না।’ গোলদাতা মেনেজের প্রশংসা করেছেন ফরাসি কোচ। ছেলেরা স্বাগতিকদের দুর্বল দিকের ফায়দা তুলেছে বলে খুশি ফ্রান্সের সাবেক ডিফেন্ডার, ‘আমরা দুই পাশ ব্যবহার করে খেলতে চেয়েছি, কারণ লক্ষ করেছি বলের দখল হারালে ইউক্রেনের খেলোয়াড়েরা মাঝমাঠে সংগঠিত হওয়ার চেষ্টা করে। এ ছাড়া ওরা অনেক জায়গা করে দেয়। আমরা সেটাকেও কাজে লাগিয়েছি।’এই ম্যাচে নিজে কোনো গোল না পেলেও ফ্রান্সের দুটি গোলেরই নেপথ্য কারিগর করিম বেনজেমা। জয়ে অবদান রাখতে পেরেই খুশি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার, ‘গোল করা বা বানিয়ে দেওয়া সব সময়ই দারুণ ব্যাপার। এটা হয়তো ঠিক গোল করার সমান নয়, তার পরও আমি খুশি, কারণ আমি গোলের সুযোগ সৃষ্টি করতেও পছন্দ করি।’ সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচ জেতা ইউক্রেন পরশু মুদ্রার উল্টো পিঠটাও দেখে ফেলল। দর্শকদের দুয়ো শুনেছেন ফুটবলাররা। কোচ ওলেগ ব্লোখিন বেশ মর্মাহত এতে, ‘মনে হচ্ছে আমরা জিতলেই সব ঠিক। কিন্তু খারাপ করলেই বোধহয় আমাদের গুলি করা উচিত। দর্শকদের বলব সব দায়িত্ব আমার, বিদ্রূপ করলে আমাকে করুন। খেলোয়াড়দের দুয়ো দেবেন না। তারা তাদের সর্বোচ্চ চেষ্টাই করেছে।’ এএফপি, রয়টার্স।