ফ্রান্সকে হারিয়ে ফের শীর্ষে স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুটি ম্যাচ ড্র করে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের যাত্রাটা বন্ধুর করে ফেলেছিল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। কিন্তু গতকাল মঙ্গলবার রাতে প্যারিসের মাটিতে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষস্থান ফিরে পেয়েছে ‘লা রোজা’রা। ৫৮ মিনিটে খেলার একমাত্র গোলটি আসে পেদ্রোর পা থেকে। ৭৭ ও ৭৮ মিনিটে দুটি হলুদ কার্ড পান ফরাসি মিডফিল্ডার পগবা। এ কারণে খেলার বাকি সময়ে ১০ জনের দল নিয়ে খেলতে হয় স্বাগতিক ফ্রান্সকে। এর পরও গোলের ব্যবধানটা বাড়াতে সক্ষম হয়নি স্পেন।প্যারিসে গত রাতের জয়ের সুবাদে গ্রুপে নিজেদের পাঁচ ম্যাচে স্পেনের অর্জন ১১ পয়েন্ট। ফ্রান্সের চেয়ে এক পয়েন্টে এগিয়ে ভিসেন্তে দেল বস্কের দল।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, টানা ৫০টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অপরাজিত স্পেন। ১৯৯৩ সালের মার্চের পর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচে হারেনি স্প্যানিশরা। ফ্রান্সের বিপক্ষে জয়ের পর স্প্যানিশ একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে দেল বস্কের প্রতিক্রিয়া, ‘এই তিন পয়েন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা নিজেদের ওপর আমাদের বিশ্বাসের মাত্রা বাড়িয়ে দিল।’ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন. ‘ম্যাচের নিয়ন্ত্রণ স্পেনের কাছে ছিল, এটা বিস্ময়ের কিছু নয়। সমস্যা হলো, আমরা তুলনামূলক বেশি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারিনি।’