ফ্রান্সকে হারিয়ে দিল জাপান
দুই দলই খেলে নীল জার্সি গায়ে। ফ্রান্স স্বাগতিক বলে তারাই পেয়েছিল নীল জার্সি। জাপানের গায়ে ছিল সাদা জার্সি। দিন শেষে ফ্রান্সের নীল রং মিশে গেছে লজ্জায়। দেশের মাটিতেই যে জাপানের কাছে ১-০ গোলে হেরে গেছে ব্লুরা!এই সপ্তাহেই বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচেরই প্রস্তুতির উপলক্ষ ছিল এই প্রীতি ম্যাচটি। কিন্তু তাতে জয় ছিনিয়ে নিয়ে এশীয় চ্যাম্পিয়ন জাপান দেখিয়ে দিল স্পেনের সামনে দাঁড়ানোর আগে অনেক জায়গায় উন্নতি করতে হবে ফ্রান্সকে। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা শিনজি কাগাওয়ার অন্তিম সময়ের গোলে ফ্রান্সকে হারিয়েছে নীল সামুরাইরা। পুরো ম্যাচে ছড়ি ঘোরালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ফ্রান্স। শেষমেশ কাগাওয়ার গোলে নিজেদের মাঠে হার মেনে নিতে হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে। এর আগে ফ্রান্সের সঙ্গে পাঁচ ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি জাপান, এটিই তাদের প্রথম জয়।জাপানের কাছে ঘরের মাঠে পরাজয়টা অবশ্যই লজ্জার। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম নিজেদের ওপর আস্থা হারাচ্ছেন না। ফ্রান্সকে ১৯৯৮ বিশ্বকাপ জেতানো অধিনায়ক বলেছেন, ‘এটা আমাদের নিজেদের ওপর আস্থাহীনতার প্রশ্ন নয়, কিন্তু শীর্ষ ফুটবলে এটাই ঘটে।’ তাঁর বিশ্লেষণে সুযোগগুলোকে কাজে না লাগাতে পারাই হারের কারণ, ‘যখন আপনি গোল করবেন না, তখন আপনার প্রতিপক্ষের সব সময়ই সুযোগ থাকবে। আমরা নিজেরাই নিজেদের শাস্তি ডেকে এনেছি।’ তবে আগামী পরশু স্পেনের সঙ্গে ম্যাচটা এই হারে খুব একটা প্রভাবিত হবে বলে মনে করেন না দেশম, ‘মঙ্গলবারে শক্তির ভারসাম্যটা একেবারেই বিপরীত হবে।’ এএফপি।