ফ্রান্সকেই বেছে নিল জিদান-তনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনজো ফার্নান্দেজ
এনজো ফার্নান্দেজ

চাইলে সে বেছে নিতে পারত স্পেন, এমনকি আলজেরিয়াকেও। কিন্তু ফরাসিদের জন্য আনন্দের সংবাদ, জিনেদিন জিদানের ছেলে এনজো ফার্নান্দেজ বেছে নিল ফ্রান্সকেই। এনজো তার ইচ্ছার কথা জানিয়ে দেওয়ার পর সুযোগটা লুফে নিতে দেরি করেনি ফ্রান্স। আগামী ৩-৫ মার্চের ক্যাম্পের জন্য জিদান-তনয়কে ফ্রান্সের অনূর্ধ্ব-১৯ দলে ডেকেছেন কোচ ফ্রান্সিস স্মেরেকি।
ফ্রান্সের যুবদলের ম্যানেজার, জিদানের সাবেক জাতীয় দল সতীর্থ উইলি স্যানিওলের উচ্ছ্বসিত ঘোষণা, ‘সে ব্লু জার্সি পরে খেলার সিদ্ধান্ত নিয়েছে।’ ১৮ বছর বয়সী এনজোর পুরো নাম ইনজো অ্যালান জিদান ফার্নান্দেজ। তবে এনজো ফার্নান্দেজ (তার মায়ের নাম) নামেই ডাকা হয় তাকে। জন্ম ফ্রান্সে হলেও ছোট্টবেলাতেই দ্বৈত নাগরিকত্ব নিয়ে এনজো পাড়ি জমিয়েছে স্পেনে। খেলে বাবার পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদের ‘এ’ দলে (মূল দলের ঠিক এক ধাপ নিচে)। স্পেনই হতে পারত সহজ পছন্দ! এর আগে এনজো স্পেন অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছেও। দাদা-দাদির জন্মসূত্রে প্রতিনিধিত্ব করতে পারত আলজেরিয়ার হয়েও। সামনে একাধিক বিকল্প—বাবা হিসেবে জিদান সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিয়েছিলেন ছেলের ওপরই। খেলোয়াড় হিসেবে এনজো বাবার মতোই হয়েছে মিডফিল্ডার। এ ক্ষেত্রেও বাবার মতো ফ্রান্সের নীল জার্সিকেই বেছে নিল জিদান-তনয়। ওয়েবসাইট।