বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও উরুগুয়ে। শিরোপা লড়াইয়ের দৌড়ে ফ্রান্সকে এবার কেউই তেমন গোনায় ধরছে না। কারণ, তাদের সাম্প্রতিক পারফরমেন্স। বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে প্লে অফ ম্যাচে থিয়েরি অঁরির বিতর্কিত গোলে কোনোমতে বিশ্বকাপে জায়গা পেয়েছে তারা। বিতর্কিত কারণ, অঁরি গোলটা পা দিয়ে নয়, করেছিলেন হাত দিয়ে! প্রস্তুতি ম্যাচগুলোতেও তাদের ফলাফল একেবারেই আশা জাগানিয়া নয়। গত সপ্তাহে প্রস্তুতি ম্যাচে তারা বিশ্বকাপে জায়গা না পাওয়া চীনের কাছেই হেরে বসে আছে। অন্যদিকে প্রস্তুতি ম্যাচগুলোতে সুইজারল্যান্ড ও ইসরায়েলকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী উরুগুয়ে।১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলা জিদান থাকছেন না এবার। তাঁর অভাব পূরণের দায়িত্বটা চেপেছে অধিনায়ক ফ্রাঙ্ক রিবেরির ওপর। কোচ রেমন্ড ডমেনেখ তাঁর শিষ্যদের সাজাচ্ছেন ৪-৩-৩ ফর্মেশনে। মাঝমাঠে জেরেমি তুলালানের সঙ্গে আক্রমণ শাণাতে প্রস্তুতি নিচ্ছেন ফ্লোরেন্ত মালুদা ও ইয়োন জুরকাফ। প্রতিপক্ষের জালে বল পাঠাতে নিকোলাস আনেলকাও তত্পর থাকবেন অগ্রভাগে।উরুগুয়ে কোচ ওস্কার তাবারেজ আস্থা রাখছেন তাঁর আগের ফর্মেশনের ওপর। ৩-৫-২ ছকেই মাঠে নামবে উরুগুয়ে। মাঝমাঠের দুই মধ্যমণি গনজালেস ও আলভারো পেরেইরার সঙ্গে প্রতিপক্ষের ডিফেন্সকে ছত্রভঙ্গ করে দিতে প্রস্তুত থাকবে ডিয়েগো ফোরলান ও লুইস সুয়ারেজ।এর আগে বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও উরুগুয়ে। ১৯৬৬ বিশ্বকাপে লা ব্লুজদের ২-১ গোলে হারিয়েছিল উরুগুয়ে আর ২০০২ বিশ্বকাপের ফলাফল ছিল গোলশূন্য। পরিসংখ্যানের বিচারে উরুগুয়ে তো এগিয়ে থাকছেই, কিন্তু সমালোচকদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে এই ম্যাচটি যেকোনো মূল্যে জিততে চাইবে ফ্রান্স।