ফ্রান্সের আনুষ্ঠানিকতার ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে এখনো ঝুলে আছে ফ্রান্সের ভাগ্য। কিন্তু বাস্তবে ফ্রান্সের দ্বিতীয় রাউন্ড একরকম নিশ্চিতই৷ আজ ইকুয়েডরের সঙ্গে গ্রুপপর্বের শেষ ম্যাচটি তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার!
টানা দুই বড় জয়ে হাতে ছয় পয়েন্ট, সঙ্গে ধনাত্মক ৬ গোল৷ মারাকানায় আজ ড্র করলে এমনকি কম ব্যবধানে হারলেও দিদিয়ের দেশমের দলের সুযোগ থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার! বাদ পড়াটাই তাই কষ্টের। ইকুয়েডরের কাছে নিজেদের অন্তত ৩-০ গোলে হারতে হবে, সঙ্গে হন্ডুরাসের বিপক্ষে সুইজারল্যান্ডকে জিততে হবে অন্তত ৬-০ গোলে। এই দুটি সমীকরণ এক বিন্দুতে মিললেই শুধু দ্বিতীয় রাউন্ডে যাওয়া হবে না৷ সে কি সম্ভব? অসম্ভব জেনেই হয়তো ইকুয়েডর ম্যাচের আগে নির্ভার ফ্রান্স শিবির।
টানা দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় আজ খেলতে পারছেন না মিডফিল্ডার ইয়োহান কাবাই। সংশয় আছে দুই সেন্টার ব্যাক মামাদু সাখো এবং রাফায়েল ভারানের খেলা নিয়েও। সাখো সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচে উরুতে হালকা চোট পেয়েছেন। ভারান পেটের পীড়ায় ভুগছেন। কিন্তু এসব খবরও কোচ দেশমের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে পারছে না। পয়েন্ট তালিকায় প্রতিফিলত দুর্দান্ত পারফরম্যান্সই দেশমকে রাখছে ফুরফুরে মেজাজে। হন্ডুরাসকে ৩-০ গোলে হারানোর পর সুইজারল্যান্ডের সঙ্গে ৫-২ গোলে জয়। উড়তে থাকা ফ্রান্স ইকুয়েডরের সঙ্গে জয়ের পরিকল্পনা করেই নামছে মাঠে। ডিফেন্ডার ম্যাথু দিবুশি বলছেন, ‘আমরা চাই এই ম্যাচটাও জিতে ইতিবাচক মানসিকতাটা ধরে রাখতে।’
ইকুয়েডরের সামনেও দ্বিতীয় রাউন্ডের দরজা উন্মুক্ত৷ ফ্রান্সের সঙ্গে জিতলে তো বটেই, হেরে গেলেও সুযোগ থাকবে তাদের৷ সে ক্ষেত্রে সুইজারল্যান্ডকে হারতে হবে হন্ডুরাসের কাছে। তবে পরের ওপর ভরসা করে নয়, নিজেদের পথটা নিজেরাই করে নিতে চান এনার ভ্যালেন্সিয়া। প্রথম দুই ম্যাচেই তিন গোল করা ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড ফ্রান্সকে হারিয়েই দেশকে দ্বিতীয়বারের মতো তুলে দিতে চান দ্বিতীয় রাউন্ডে, ‘তারা খুবই কঠিন প্রতিপক্ষ। ফ্রান্সের শক্তিমত্তার কথা আমাদের জানা। তাদের হারাতে চাইলে আমাদের অবশ্যই সতর্ক থাকবে হবে।’ এএফপি।