ফ্রান্সের কষ্টার্জিত জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ সূচনা হয়তো করতে পারেনি, তবে শেষ মুহূর্তের গোলে লা ব্লুরা প্রস্তুতি ম্যাচে অন্তত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। গত রোববার নিজেদের মাঠে পুঁচকে আইসল্যান্ডের বিপক্ষে শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। তবে বিরতির পর দারুণভাবেই ঘুরে দাঁড়ায় এবারের ইউরোর অন্যতম ফেবারিটরা। লিলে ডিফেন্ডার ম্যাথু ডেবুশি প্রথমে ব্যবধান কমান। এরপর বায়ার্ন মিডফিল্ডার ফ্রাঙ্ক রিবেরি সমতা ফেরানোর পর ভ্যালেন্সিয়ার আদেল রামির পা থেকে আসে জয়সূচক গোল (৩-২)। ফ্রান্স কোচ লরাঁ ব্লাঁ অবশ্য আশাবাদী, তাঁর দল হতশ্রী দশা কাটিয়ে উঠবে, ‘প্রথমার্ধে আমাদের রক্ষণভাগ ভালো খেলেনি। তবে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়েরা খেলাটাকে বদলে দিয়েছে।’ ফলাফলটা অন্য রকম হলে দল একটা ধাক্কা খেত, এটাও স্বীকার করেছেন ফ্রান্সের কোচ, ‘জয় মানেই আত্মবিশ্বাস, সেই অর্থে আমি সন্তুষ্ট। তবে প্রথম প্রস্তুতি ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। ইউরোর জন্য আমাদের প্রস্তুতিতে এখনো ঘাটতি আছে, দলে কিছু ফাঁকফোকরও থেকে গেছে।’ ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার সামির নাসরি অবশ্য ক্লান্তিকেই দায়ী করলেন, ‘আট দিনের অনুশীলনে আমাদের পা আর চলছিল না। শুরুতে সেটাই টের পাচ্ছিলাম।’ এএফপি।