ফ্রান্সের খেলা দেখবেন না রিবেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির বিপক্ষে ফ্রান্সের খেলা মাঠে বসে দেখার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন রিবেরি। ছবি- রয়টার্স
জার্মানির বিপক্ষে ফ্রান্সের খেলা মাঠে বসে দেখার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন রিবেরি। ছবি- রয়টার্স

ফেবারিটদের তালিকায় ফ্রান্সকে রেখেছিলেন—এমন জনগোষ্ঠী বেশ বিরল। কিন্তু সবাইকে বিস্মিত করে সেই ফ্রান্সই দোর্দণ্ড প্রতাপে উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। বেনজেমা-জিরু-পগবাদের দুরন্ত পারফরম্যান্সে এই মুহূর্তে ব্রাজিল বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফরাসিরাই। কিন্তু সামনে তাদের অগ্নিপরীক্ষাই। গতিময় জার্মানির সঙ্গে লড়েই টিকিয়ে রাখতে হবে বিশ্বকাপ-স্বপ্ন। ফ্রান্সের জন্য এটাকে ‘মিনি ফাইনাল’ই বলা চলে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, এই মহাগুরুত্বপূর্ণ লড়াইটা দেখার আমন্ত্রণ পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন ফ্রান্স ফরোয়ার্ড ফ্রাঙ্ক রিবেরি।

এই বিশ্বকাপ হতে পারতো তাঁর আলো ছড়ানোর মঞ্চ। কিন্তু ভাগ্য ভেবে রেখেছিল ভিন্ন কিছুই। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে চোট দল থেকে ছিটকে দেয় তাঁকে। অনেকে তখনই লিখে দিয়েছিলেন রিবেরিবিহীন ফ্রান্সের ব্যর্থতাগাথা। কিন্তু বিশ্বকাপ শুরুর পর চিত্রটা পুরোই উল্টো। রিবেরিবিহীন ফ্রান্স যেন জ্বলে উঠেছে দ্বিগুণ শক্তিতে। ব্যাপারটি কি একটু ‘অভিমান’ সৃষ্টি করেছে এই প্লে-মেকারের মধ্যে? তবে কেন তিনি দলের এত গুরুত্বপূর্ণ খেলাটি দেখতে যাবেন না।

রিবেরিকে আমন্ত্রণ জানানো হয়েছিল দলের প্রয়োজনেই। তাঁর মতো একজন গুরুত্বপূর্ণ সিনিয়র খেলোয়াড় ডাগ-আউটে বা গ্যালারিতে থাকলে দলেরই লাভ হতো—ভাবনাটা ছিল এমনই। তিনি সোজা-সাপটা জানিয়ে দিয়েছেন, হঠাত্ পেয়ে যাওয়া এই অবসরটা তিনি পরিবারের পেছনেই ব্যয় করতে চান।