ফ্রান্সের খেলোয়াড়দের ‘বিশ্বকাপ প্রায়শ্চিত্ত’
বিশ্বকাপে অনেক লজ্জার বোঝা মাথায় নিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল ফ্রান্স। সে সঙ্গে নিকোলাস আনেলকার নেতৃত্বে খেলোয়াড় বিদ্রোহ ও অন্যান্য কারণে চরমভাবে ক্ষুণ্ন হয়েছিল ফরাসি ফুটবলের ভাবমূর্তি। বিশ্বকাপের সময় সেসব শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে এ মুহূর্তে ফরাসি ফুটবলাররা দারুণভাবে অনুতপ্ত। সেই অনুতাপ থেকে মুক্তি পেতে এক অভিনব পন্থা বেছে নিয়েছেন তাঁরা। ফ্রান্সের ফুটবলাররা সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্বকাপের সময় স্পন্সরদের কাছ থেকে বোনাস হিসেবে যে অর্থ তাঁদের পাওয়ার কথা, তা তাঁরা যেকোনো সেবামূলক কাজে দান করে দেবেন।ফ্রান্স জাতীয় দলের বর্তমান অধিনায়ক আলোউ দিয়ারা বলেছেন, ‘বিশ্বকাপে স্পন্সরদের কাছ থেকে যে বোনাস পাওয়ার কথা, তা মাঠের পারফরম্যান্সের বিচারে দেওয়া হলে, কারোরই কিছু পাওয়ার কথা নয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বিশ্বকাপ দলের খেলোয়াড়েরা স্পন্সরদের কাছ থেকে নিয়মানুযায়ী বোনাস হিসেবে যে অর্থ পাবেন, তার পরিমাণ প্রায় ৩০ লাখ ডলার।আলোউ দিয়ারা ফরাসি রেডিও আরটিএলকে আরও জানিয়েছেন, তাঁরা খুব দ্রুতই তাঁদের এ পরিকল্পনাটা নিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করবেন। ফ্রান্সের ফুটবলারদের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু ফরাসি ফুটবলের ভাবমূর্তির উন্নয়ন ঘটাতে গেলে সেটার প্রমাণ তো তাঁদের মাঠেই দিতে হবে। রয়টার্স।