ফ্রান্সের গোল-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজে গোল করেছেন, করিয়েছেনও বেনজেমা। ছবি: রয়টার্স
নিজে গোল করেছেন, করিয়েছেনও বেনজেমা। ছবি: রয়টার্স

দুই দলের সর্বশেষ তিন সাক্ষাতের দুটিতেই গোলশূন্য ড্র। অন্যটি ১-১। সাম্প্রতিক ইতিহাস তাই কাল সালভাদরে নিষ্প্রাণ এক ম্যাচের আভাসই দিচ্ছিল। কিন্তু ব্রাজিল বিশ্বকাপ যে এরই মধ্যে গোলপ্রসবা বলে প্রমাণিত। ফ্রান্স-সুইজারল্যান্ডের ম্যাচেও তাই গোল-উৎসব, যে উৎসব ছড়াল ফরাসি সৌরভ।
সুইসদের ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র রক্ষণের ফাঁক গলিয়ে ফ্রান্স উৎসবে মাতল পাঁচবার। প্রথম ম্যাচে ৩-০ গোলে জেতা ফ্রান্স কাল পেল ৫-২ গোলের বড় জয়। প্রথম ম্যাচে জোড়া গোল করা বেনজেমা টুর্নামেন্টে প্রথম পেনাল্টি মিসের নজির না গড়লে জয়টা আরও বড়ই হতো। ১৭ মিনিটে জিরুর হেডে শুরু। ২০ সেকেন্ড পরই ব্যবধান দ্বিগুণ করেন মাতুইদি। ভালবুয়েনের গোলে প্রথমার্ধেই ৩-০। পরে বেনজেমা ও সিসোকো করেন আরও দুই গোল। ৮১ ও ৮৬ মিনিটে সুইজারল্যান্ডের সান্ত্বনার গোল দুটি জেমাইলি ও জাকার। শেষ দিকে বেনজেমা বল আরও একবার জড়িয়েছিলেন জালে, কিন্তু তার আগেই রেফারি বাজিয়ে দেন শেষ বাঁশি!
২০০২ থেকে ২০১০—গত তিনটি বিশ্বকাপের গ্রুপপর্বের নয় ম্যাচের মাত্র একটিতে জিতেছে ফ্রান্স। সেই ফ্রান্স এবার প্রথম দুই ম্যাচেই জিতে প্রায় নিশ্চিত করে ফেলল দ্বিতীয় রাউন্ড। ফ্রান্সের শঙ্কাটা এখন শুধু কাগজে-কলমেই।