ফ্রান্সের দুর্বলতা খুঁজেই মেক্সিকোর বিজয়
‘খেলার মাঝপথে হঠাৎ মনোযোগ হারিয়ে ফেলাই ফ্রান্সের পরাজয়ের কারণ।’ বলেছেন দলটির অধিনায়ক প্যাট্রিক ইভরা। তিনি মনে করেন, মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে ফ্রান্সের খেলোয়াড়েরা খেলাটা ছেড়ে দিয়েছিল।প্যাট্রিক ইভরা মনে করেন, পুরো খেলাতেই ফ্রান্সের খেলোয়াড়দের মধ্যে কেমন যেন একটি দ্বিধা কাজ করছিল। তাঁরা বুঝতে পারছিলেন না খেলাটা আসলে কোন জায়গা থেকে ধরতে হবে। খেলার ১৫ মিনিটের সময়ই গোল খেয়ে পিছিয়ে পড়তে পারত ফ্রান্স। ফরাসি ডিফেন্ডার এরিক আবিদালের একটি ব্যাক হেড মেক্সিকোর দ্রুতগতি সম্পন্ন ফরোয়ার্ড জিওভান্নি দোস সান্তোস প্রায় ধরেই ফেলেছিলেন। অল্পের জন্য সে যাত্রা রক্ষা পায় ফ্রান্স। অধিনায়ক প্যাট্রিক ইভরা নিজেও গোলরক্ষক হুগো লরিসকে ব্যাক পাস করতে গিয়ে দলকে ডোবাতে গিয়েছিলেন। এমন অনেক মুহূর্তই কাল ফ্রান্স-মেক্সিকো ম্যাচে এসেছিল, যেগুলো ফরাসি খেলোয়াড়দের অমনোযোগিতা ও দ্বিধা-দ্বন্দ্বকেই নির্দেশ করে।ম্যাচ শেষে বিধ্বস্ত ফরাসি অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আজকের পরাজয়ের জন্য পুরো দলই দায়ী।’খেলার শুরু থেকেই ফ্রান্সের রক্ষণভাগের বিভিন্ন রকম ভুলে মেক্সিকোর খেলোয়াড়েরা উজ্জীবিত হয়ে ওঠেন। তাঁরা বিশ্বাস করা শুরু করেন এমন ভাঙাচোরা-আস্থাহীন ফ্রান্স দলকে হারান কোনো ব্যাপার না। সেই লক্ষ্যে আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই মেক্সিকো ফ্রান্সের রক্ষণব্যূহে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে। মেক্সিকোর ক্ষুরধার আক্রমণগুলো ঠেকানোর মতো সত্যিকারের কোনো অস্ত্র ইভরা-রিবেরি-আনেলকা-গালাসদের ছিল না।মেক্সিকোর গোলদাতা হাভিয়ের হার্নান্দেজ বলেছেন, ‘আমার মনে হয় না, ফ্রান্স খারাপ খেলেছে। মেক্সিকোর ফরোয়ার্ডদের আক্রমণের তোড়ে বারবার ফরাসি রক্ষণব্যূহ উন্মুক্ত হয়ে পড়ছিল। সেই সুযোগটাই আমরা নিয়েছি।’ হাভিয়ের হার্নান্দেজ খেলার ৬৪ মিনিটের সময় ফ্রান্সের একটি ভুল অফ সাইড ফাঁদকে ফাঁকি দিয়ে বল নিয়ে বেরিয়ে প্রথম গোলটি করেন।এর ঠিক ১১ মিনিট পরেই মেক্সিকো ব্লাঙ্কো পেনাল্টি থেকে গোল ব্যবধান বাড়িয়ে ফ্রান্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ইতালিকে হারিয়ে হাভিয়ের আগুইয়েরের মেক্সিকো দল জানান দিয়েছিল বিশ্বকাপে অনেক বড় দলেরই কাল ঘাম ছুটিয়ে দিতে প্রস্তুত হয়েই এসেছে তারা। ফ্রান্সের বিদায় মোটামুটি নিশ্চিত করে দিয়ে মেক্সিকোর মাঝমাঠের খেলোয়াড় জেরার্ডো টোরাডো ফিফা ডট কমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আজকের বিজয় মেক্সিকোর দলীয় সমন্বয়েরই বিজয়। আমরা মাথা উঁচু করেই মাঠে পারফর্ম করে গিয়েছি। দিন শেষে তার ফল পেয়েছি।’এদিকে ফরাসি দলপতি প্যাট্রিক ইভরা মনে করেন, ‘বিশ্বকাপে টিকে থাকার আর কোনো সম্ভাবনাই ফ্রান্সের সামনে অবশিষ্ট নেই। শেষ ম্যাচে আমাদের জয়ের চেয়েও বেশি কিছু করতে হবে। একটি বিজয়ই বিশ্বকাপে ফ্রান্সের টিকে থাকার জন্য এখন আর যথেষ্ট হবে না।’ ক্লান্ত-বিধ্বস্ত ইভরা এভাবেই জানিয়ে দিলেন বিশ্বকাপ শেষই হয়ে গেছে ’৯৮ সালের চ্যাম্পিয়ন ও ২০০৬ সালের রানার্স আপদের জন্য।