ফ্রান্সের নাইজেরিয়া-বাধা
গত বছরের মার্চ। নিজেদের মাঠে ফ্রান্স এমনই খেলল, স্তাদে দা ফ্রান্সের দর্শকেরাই দুয়ো দিতে লাগল। ৮৩ মিনিটে সেই অবিরাম দুয়ো গায়ে মেখেই মাঠ ছাড়লেন করিম বেনজেমা। শেষ পর্যন্ত ম্যাচটা ১-০ গোলে হেরেই মাঠ ছাড়ল ফ্রান্স।
সেই ফ্রান্স এখন বিশ্বকাপে এগোচ্ছে দুরন্ত গতিতে। গ্রুপপর্বে হন্ডুরাস ও সুইজারল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর ইকুয়েডরের সঙ্গে একটু হোঁচট খেয়েছে বটে, কিন্তু সেটা খুব উদ্বেগের কিছু নয়। ফ্রেঞ্চ রাইটব্যাক বাকারি সানিয়া তো বলেই দিলেন, ফ্রান্স বিশ্বকাপ না জিতলে সেটা হবে অঘটন। ভাবনায় যদি থাকে বিশ্বকাপ, তাহলে আজ তো নাইজেরিয়ার দাঁড়াতেই পারার কথা নয়!
কিন্তু নকআউট পর্বে যেকোনো কিছুই হতে পারে। মিডফিল্ডার ইয়োহান কাবাই তো সতীর্থদের মনে করিয়ে দিচ্ছেন, ‘বিশ্বকাপ জিতব বলা বাড়াবাড়ি হয়ে যায়। আত্মবিশ্বাস যখন বাড়াবাড়ি রকমের হয়, তখনই সমস্যা তৈরি হয়।’ ডিফেন্ডার লরেন্ত কসিয়েলনিরও একই কথা, ‘প্রথম লক্ষ্য ছিল গ্রুপপর্ব পার হওয়া। এখন আমরা যত দূরে সম্ভব যেতে চাই। আমরা উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু এটা মনে রাখতে হবে প্রতিপক্ষ ওদের দিনে আমাদের হারিয়ে দিতেই পারে। আমাদের ক্ষমতা সম্পর্কে আমরা সচেতন।’
এই বদলে যাওয়া ফ্রান্সের নেপথ্যে তো ছিল ইউক্রেনের সঙ্গে প্লে-অফের সেই ম্যাচটা। বিশ্বকাপের স্বপ্নভঙ্গ যখন চোখ রাঙাচ্ছে, কী দারুণভাবেই না ঘুরে দাঁড়াল লা ব্লুরা! সেই ম্যাচকেই এখন প্রেরণা মানছেন কসিয়েলনি, ‘ইউক্রেনের সঙ্গে ওই ম্যাচের পর অনেক কিছুই বদলে গেছে, কিন্তু নকআউট পর্বে যেকোনো কিছুই সম্ভব। এ মুহূর্তে আমাদের মনোযোগ শুধু শেষ ষোলোতে।’ গত ম্যাচে অবশ্য নিয়মিত একাদশের কয়েকজনকেই বিশ্রাম দিয়েছিলেন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম। ইয়োহান কাবাই, অলিভিয়ের জিরু, ম্যাথু ভ্যালবুয়েনাদের আজ শুরু থেকেই মাঠে নামার কথা।
১৯৯৮ বিশ্বকাপে সর্বশেষ শেষ ষোলোতে খেলেছিল নাইজেরিয়া। আবার শেষ ষোলোর লড়াইয়ে প্রতিপক্ষ। গ্রুপপর্বে গতি ও আক্রমণের মিশেলে সবাইকে চমকে দিয়েছে নাইজেরিয়া। তবে রক্ষণটা এখনো উদ্বেগের জায়গা । আর্জেন্টিনার সঙ্গে আলো ছড়ানো আহমেদ মুসার কাছে এদিকটাই গুরুত্ব পাচ্ছে, ‘আমাদের ভালোভাবে রক্ষণটা সামলাতে হবে। নিজেদের সুযোগ কাজে লাগাতে হবে । শিখতে হবে আর্জেন্টিনার ম্যাচের ভুলগুলো থেকে। দ্বিতীয় রাউন্ডে জয়টাই আসল কথা। কঠোর পরিশ্রম ও ঈশ্বরের করুণায় আশা করি আমরা ইতিহাস গড়তে পারব।’
বিশ্বকাপে কখনোই মুখোমুখি হয়নি দুই দল। ২০০৯ সালে একমাত্র সাক্ষাতে কিন্তু জিতেছিল নাইজেরিয়াই। আবার অঘটনের স্বপ্ন তারা দেখতেই পারে! এএফপি, রয়টার্স, দ্য গার্ডিয়ান ।